ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলা খারিজের জন্য খালেদা জিয়ার আবেদনের ওপর বুধবার হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ আবেদনটির ওপর শুনানি গ্রহণ শুরু করেন।
বৃহস্পতিবারও শুনানি হবে।
শুনানির শুরুতেই আদালত মামলাটির অভিযোগের উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি সরকার মিলে তিনটি গ্যাস ক্ষেত্র নাইকোকে দিয়েছে। অথচ নাইকো যোগ্য কোম্পানি নয়। খালেদা জিয়া এ চুক্তি অনুমোদন করেন আর প্রক্রিয়া শুরু হয় শেখ হাসিনার আমলে। গ্যাস ক্ষেত্রে তিনটি পরিত্যক্ত ঘোষণার ক্ষেত্রে নিয়মও মানা হয়নি।
খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুবউদ্দিন আহমদ বলেন, তখনকার সরকার পরিত্যক্ত তিনটি গ্যাস ক্ষেত্রকে বাণিজ্যিকভাবে লাভজনক করার জন্য নাইকোকে দেয়। জ্বালানিমন্ত্রী এ জন্য নথি খোলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া তা অনুমোদন করেন।
আদালত বলেন, এজাহারে অভিযোগ করা হয়েছে, পরিত্যক্ত দেখিয়ে ভাল ভাল গ্যাস ক্ষেত্র অদক্ষ কোম্পানি নাইকোকে দিয়ে দেওয়া হয়েছে।
জবাবে খন্দকার মাহবুবউদ্দিন বলেন, জরিপ করেই ছাতক, ফেনী ও কামতা গ্যাস ক্ষেত্রেকে প্রান্তিক ও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।
আদালত বলেন, বাপেক্স ও পেট্রোবাংলার বিরোধিতা সত্বেও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের ল' চেম্বারের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী এ চুক্তি অনুমোদন করেন। ওই মতামত থেকেই 'প্রান্তিক ও পরিত্যক্ত' তত্ত্বটি এসেছে।
এরপর আদালত বৃহস্পতিবার দুপুর ২টায় শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করে।
খালেদা জিয়া গত ১৮ মে নাইকো দুর্নীতি মামলা খারিজের জন্য হাইকোর্টে আবেদন করেন। ২০ মে হাইকোর্টের অপর এক বেঞ্চ আবেদনটির ওপর শুনানি গ্রহণে বিব্রতবোধ করে।
দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
আসামির তালিকায় আরো ছয় জনের নাম অন্তর্ভুক্ত করে গত ৫ মে এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়। আসামিদের দুর্নীতির কারণে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭শ ৭৭ কোটি টাকা টাকার ক্ষতি হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
একই অভিযোগে একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও একই থানায় একটি মামলা করে কমিশন। ওই মামলাতেও আদালাতে অভিযোগপত্র দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/২০৫২ ঘ.
bdnews24