২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি ২৬ মে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ মে দিন ধার্য করা হয়েছে। বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান শুনানির জন্য এ দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ মে দিন ধার্য করা হয়েছে। বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান শুনানির জন্য এ দিন ধার্য করেন। এই আদালতেই মামলাটি বিচারের জন্য পাঠানো হয়েছে। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ২৬ মে বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।" গত মঙ্গলবার ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৯ এ পাঠিয়ে দেন। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১১ আসামি ছাতক, কামতা ও ফেনী গ্যাসক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করে বিদেশি তেল-গ্যাস কোম্পানির হাতে তুলে দিয়েছেন। এতে সরকারের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার গ্যাস সম্পদের ক্ষতি হয়েছে। এ মামলার এজাহারে খালেদা জিয়াসহ ৫ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে আরও ৬ জনকে অভিযুক্ত করে মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযুক্ত আসামিরা হলেন; খালেদা জিয়া, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এদের মধ্যে ৮ জন বর্তমানে কারাগারে রয়েছেন। পলাতক তিন আসামি হলেন; ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সি এম ইউসুফ হোসাইন ও কাশেম শরীফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/২০০৫ ঘ.