ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় আটক মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী আন্দোলন কর্মসূচি ঘোষণার একদিন পর এবার ছাত্র শিবিরও কর্মসূচি দিয়েছে।
পুরানা পল্টনে শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান।
ছাত্র শিবিরের দাবির মধ্যে আছে নিজামী এবং সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা ও হাসিনার মুক্তি, গ্যাটকো ও বড়পুকুরিয়া মামলাসহ সব 'মিথ্যা' মামলা প্রত্যাহার, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের শিক্ষাপণ্যের দাম কমানো।
সংগঠনের কর্মীরা দাবি আদায়ে আগামী ২২ ও ২৩ মে সারাদেশে নফল রোজা ও ইফতার মাহফিল, ২৫ ও ২৬ মে সারাদেশে পথশিশুদের খাবার বিতরণ, ২৮ মে বিভাগীয় পর্যায়ে স্থানীয় প্রসাশনের কাছে স্মারকলিপি পেশ, ৩১ মে থেকে ৫ জুন পর্যন্ত স্বাক্ষর সংগ্রহ এবং ৬ জুন দেশব্যাপী দোয়া দিবস পালন করবে।
সংবাদ সম্মেলনে নিজামীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে জাহিদুর রহমান বলেন, "দেশে বিরাজমান সঙ্কট নিরসনের জন্য রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার বিকল্প নেই।"
তিনি আরো বলেন, "সাবেক দুই প্রধানমন্ত্রীসহ রাজনীতিবিদ ও ছাত্র নেতাদের কারাগারে আটক রাখা হয়েছে। এভাবে দেশকে নেতৃত্বশূন্য করে তত্ত্বাবধায়ক সরকার কার আনুকুল্য পাওয়ার চেষ্টা করছে দেশবাসী তা জানতে চায়।"
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবিরের সেক্রেটারি জেনারেল রেজাউল করিম, দপ্তর সম্পাদক শেখ নিয়ামুল করিম, প্রচার সম্পাদক রোকন উদ্দিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএনডি/এমএ/১৬১৫ঘ.
bdnews24