ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে যাওয়া না যাওয়ার বিষয়ে জাতীয় পার্টির সিদ্ধান্ত এখনও না হলেও দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না তা জানতেই আমরা সংলাপে যাব।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর জাতীয় পার্টির এক সভায় তিনি এ কথা বলেন।
দেশের অর্থনীতি চাঙ্গা করতে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনাও করেন তিনি। বোরো ধানের বাম্পার ফলনের কৃতিত্ব সেনাবাহিনীর বলে দাবি করেছেন সাবেক এ সেনাপ্রধান।
সংলাপে অংশ নেওয়ার পক্ষে নিজের অবস্থান জানিয়ে এরশাদ বলেন, "কোনও জাতীয় সনদে সই করতে সংলাপ যাবে না জাতীয় পার্টি। সুষ্ঠু নির্বাচন হবে কিনা, তা জানতে সংলাপে যাবে।"
একই সঙ্গে তিনি জানান, সংলাপে যাওয়া না যাওয়ার বিষয়ে মঙ্গলবার দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
জাপা চেয়ারম্যান বলেন, "আমরা ওয়ান-ইলেভেন এর আগের অবস্থায় ফিরে যেতে চাই না, তবে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চাই। আমরা চাই, কালো টাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে আগামী সরকার গঠন হবে।"
তবে জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন দাবি করেন তিনি।
বর্তমান সরকারের সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, "অর্থনীতির ক্ষেত্রে সরকারের ব্যর্থতা পাহাড় সমান। তাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। রাজনীতি আজ মুখ থুবড়ে পড়েছে।"
বোরো ধানের বাম্পার ফলনের কৃতিত্ব সেনাবাহিনীকে দিয়ে সাবেক এ সেনাপ্রধান বলেন, "এবার বাম্পার ফলনের কৃতিত্ব সরকারের নয়। সেনাবাহিনী সময় মতো ও সুষ্ঠুভাবে কৃষকদের কাছে সার না পৌঁছলে এ বাম্পার ফলন হতো না। এটা সেনাবাহিনী কৃতিত্ব।"
তেল-গ্যাস সম্পদ নিয়ে কোনও চুক্তি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, "দেশের সম্পদ নিয়ে কারও সঙ্গে চুক্তি করার বৈধতা কোনও অনির্বাচিত সরকারের নেই। নির্বাচিত সরকারই তা করতে পারে।"
তেল-গ্যাস-পানি সঙ্কটের প্রতিবাদে মহানগর জাতীয় পার্টির ডাকা ওই সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, "বর্তমান সরকার বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে পারেনি। বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। তারা ক্ষমতায় বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে।"
ঢাকা মহানগর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য টি আই এম ফজলে রাব্বী চৌধুরী, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, গোলাম হাবিব দুলাল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬১০ ঘ.
bdnews24