২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন বন্ধে বাম মোর্চার রিট

রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন না করার দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (এমএল) ১১টি দল নিয়ে গঠিত গণতান্ত্রিক বাম মোর্চা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন না করার দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (এমএল) ১১টি দল নিয়ে গঠিত গণতান্ত্রিক বাম মোর্চা। রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও মো. রেজাউল হকের বেঞ্চে রিট আবেদনটি জমা দেয়া হয়। রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে। আবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশন সুশীল সমাজ, সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা সংশোধনের একটি প্রস্তাব চূড়ান্ত করেছে। প্রস্তাবে বলা হয়েছে, নিবন্ধনের জন্য একটি দলকে বিগত যে কোনো সংসদ নির্বাচনে অন্তত একটি আসন পেতে হবে অথবা যে কোনো একটি নির্বাচনে দল যতগুলো আসনে অংশ নিয়েছে সেসব আসনে প্রদত্ত মোট ভোটের ৫ শতাংশ পেতে হবে অথবা অন্তত এক তৃতীয়াংশ জেলায় দলের কার্যকর জেলা কমিটি এবং অন্তত একশটি উপজেলা/মেট্রোপলিটন থানার প্রতিটিতে দুইশ সদস্য থাকতে হবে যারা ভোটার হিসেবে নিবন্ধিত। দল নিবন্ধনের এসব শর্তকে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের পরিপন্থী আখ্যায়িত করে রিটে বলা হয়, নির্বাচন কমিশন সংবিধান পরিপন্থী কোনো পদক্ষেপ নিতে পারে না। বিধিমালা সংশোধনের আগে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করলেও নির্বাচন কমিশন অনেক রাজনৈতিক দলকে আলোচনায় আমন্ত্রণ জানায়নি। বাম মোর্চার পক্ষে রিটটি পরিচালনা করবেন ড. রফিকুর রহমান। তাকে সহায়তা করবেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও বিশ্বজিত দেবনাথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২০১৮ ঘ.