২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে : জামায়াত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার মতো 'পরিস্থিতি সৃষ্টি করার' অভিযোগ তুলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার মতো 'পরিস্থিতি সৃষ্টি করার' অভিযোগ তুলেছেন। রোববার বিকালে মগবাজার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুজাহিদ একথা বলেন। দলের আমির মতিউর রহমান নিজামীর হাইকোর্টে জামিন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন," বিষয়টি সাব জুডিস হওয়ায় এই সময়ের মধ্যে গ্রেপ্তার বা হয়রানি করা ঠিক হবে না বলে আমাদের আইনজীবী মন্তব্য করেছেন।" আগামী ২২/২৩ মে নফল রোজা রাখা এবং ২৪/২৫ মে সারা দেশে এতিমদের খাবার পরিবেশন করার কর্মসূচী ঘোষণা করেন আলি আহসান মুজাহিদ। তিনি বলেন, "জুলুম এবং ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর সাহায্য কামনা করে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।" গ্যাটকো মামলাকে 'মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক' আখ্যা দিয়ে সকল মামলা প্রত্যাহার এবং শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সংলাপের পরিবেশ সৃষ্টি করার পরামর্শ দেন জামাতের এ নেতা। জামায়াতে ইসলামি সংলাপে যাবে কিনা এধরণের এক প্রশ্নের জবাবে মুজাহিদ জানান, জোটের অন্য শরীক দলের সঙ্গে বসে সংলাপে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আদালতে যাওয়ার আগে মতিউর রহমান নিজামী দলের কেন্দ্রীয় কার্যালয়ে মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মেদ হুরোরোর সঙ্গে সাক্ষাত করেন। জামাত নেতা কামারুজ্জামান একে সৌজন্য সাক্ষাত উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে১৮৫২ঘ.