ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলার আসামি আবদুল মান্নান ভূঁইয়াকে কারাগারে নেওয়া হয়েছে। বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢোকানো হয় তাকে। একই মামলায় সাবেক মন্ত্রী এম শামসুল ইসলামকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মান্নান ভূঁইয়া রোববার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. আজিজুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদালতে হাজির হয়ে জামিনে আবেদন জানালে বিচারক তা নাকচ করে শামসুল ইসলামকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে হাজির হওয়ার আগে বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
বিপুল সংখ্যক নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে আদালতে হাজির হন মান্নান ভূঁইয়া। বিএনপির এ নেতাকে কারাগারে নেওয়ার সময় কর্মীরা বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়।
বেলা সাড়ে ৩টায় গ্যাটকো মামলায় আত্মসমর্পণের জন্য ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির হন মান্নান ভূঁইয়া। তার পক্ষে অ্যাডভোকেট গোলাম মোস্তাফা খান আত্মসমর্পণের আবেদন আদালতে উপস্থাপন করেন।
বিচারক মো. আজিজুল হক ওই আবেদন গ্রহণ করে মান্নান ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের আদেশের পর বিকাল ৪টার দিকে তাকে নিয়ে আদালত থেকে একটি প্রিজন ভ্যান ঢাকা কেন্দ্রীয় কারাগারের পথে রওনা হয়।
আদালতের উদ্দেশে দুপুর ৩টার দিকে গুলশানের বাসা থেকে বের হন আব্দুল মান্নান ভূঁইয়া।
ওই সময় মান্নান ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠি সাংবাদিকদের মধ্যে বিলি করা হয়।
ওই চিঠিতে মান্নান ভূঁইয়া সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলকে বিএনপিকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
এক পৃষ্ঠার ওই চিঠিতে তিনি বলেন, "বিএনপি ঐক্য এখন সময়ের ব্যাপার মাত্র। ঐক্য প্রক্রিয়া যে কোনও সময়ই সফল হবে।"
তিনি বলেন, "আমাদের নেত্রী খালেদা জিয়াসহ কারাবন্দি নেতারা শিগগিরই মুক্তি পাবেন এবং বেগম জিয়া কাউন্সিল অধিবেশনের মাধ্যমে দলের সময়োপযোগী সংস্কারও করবেন।"
দলীয় নেতা-কর্মী, শুভাকাক্সক্ষী ও দেশবাসীর সুস্বাস্থ্য ও শুভ কামনা করে বিএনপির সাবেক মহাসচিব আশা প্রকাশ করেন, "দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে অতীতের মতোই অগ্রণী ভূমিকা রাখবে।"
গ্যাটকো দুর্নীতি মামলায় মান্নান ভূঁইয়া ছাড়াও সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সম্পত্তি জব্দের আদেশ রয়েছে নিম্ন আদালতের। একইসঙ্গে কারাগারে থাকা সব আসামিকে আগামী ২২ মে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়।
এ মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী রোববার সকালে আগাম জামিনের আবেদন জানালেও হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। এ ছাড়া জামিন চেয়ে আবেদন করা অপর দুই সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম তাদের আবেদন ফেরত নিয়েছেন।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গে
bdnews24