ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই অংশের ঐক্য বিলম্বিত হওয়ায় জন্য দেলোয়ার হোসেনপন্থী নেতাদের দায়ী করেছেন দলের স্থায়ী কমিটি মনোনীত ভারপ্রাপ্ত মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ। শুক্রবার তিনি বলেছেন, গত বৃহস্পতিবার ঐক্যের ব্যাপারে একটি যৌথঘোষণা দেয়ার কথা থাকলেও দেলোয়ারপন্থী অংশের নেতারা তা স্থগিত করে দেন।
অন্যদিকে দেলোয়াপন্থী অংশের নেতা আ স ম হান্নান শাহ বলেছেন, কিছু মতপার্থক্যের কারণে ঐক্যের ঘোষণা বিলম্বিত হচ্ছে। আগামী ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আগেই বিএনপিকে ঐক্যবদ্ধ দেখা যাবে।
দলের ঐক্য নিয়ে গত কয়েকদিন ধরেই বিএনপির দুই অংশের ঘরোয়া বৈঠক হচ্ছিল। কথা ছিল বৃহস্পতিবার একটি যৌথসভায় আনুষ্ঠানিকভাবে ঐক্যের ঘোষণা আসবে। কিন্তু খোন্দকার দেলোয়ার শেষ মুহূর্তে পিছিয়ে গেলে ওই ঘোষণা স্থগিত হয়ে যায়।
দুপুরে মহাখালীর ডিওএইচএস এর বাসায় দেলোয়ারপন্থী অংশের নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "কিছু মতপার্থক্যের কারণে ঐক্যের ঘোষণা বিলম্বিত হচ্ছে। তবে চেয়ারপারসনের নির্দেশ হচ্ছে দলকে ঐক্যবদ্ধ করা। ৩০ মে'র আগেই বিএনপিকে ঐক্যবদ্ধ দেখতে পাবেন। এ ক্ষেত্রে কোনো কিছুই বাধা হবে না।''
অন্যদিকে বিকেলে বনানীর বাসায় 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত হাফিজউদ্দিন আহমেদ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "ঐক্যপ্রক্রিয়ার একটি যৌথঘোষণা হওয়ার কথা ছিল বৃহস্পতিবার বিকেলে। আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু শেষ মুহূর্তে খোন্দকার দেলোয়ারপন্থী অংশের নেতারা তা স্থগিত করে দেন। আমরা এখনো দলের ঐক্য চাই। এজন্য আলাপ-আলোচনা চালিয়ে যাব।"
তিনি জানান, সংস্কারপন্থী অংশের ৫ জন ও দেলোয়ারপন্থী অংশের ৭ জন মিলে ওই যৌথঘোষণা চূড়ান্ত করেন। খোন্দকার দেলোয়ারের সঙ্গে এ বিষয়ে তার কথাও হয়। কিন্তু দেলোয়ার শেষ মুহূর্তে পিছিয়ে যান।
হাফিজ বলেন, "খোন্দকার দেলোয়ারও দলে ঐক্য চান। কিন্তু তার আশে-পাশের কিছু লোক তাকে ভিন্ন পরামর্শ দিচ্ছে।"
তিনি অভিযোগ করেন, একটি মহল চায় না বিএনপি ঐক্যবদ্ধ হোক। তারা এ ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছে।
সংস্কারপন্থীদের 'বিপথগামী' বলে খোন্দকার দেলোয়ার বৃহস্পতিবার যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়ে হাফিজ বলেন, "দলে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছি বলে আমাদের বিপথগামী বলা হচ্ছে; এটা দুঃখজনক। জনগণের ভোটে নির্বাচিত ১২২ জন সংসদ সদস্য বিপথগামী হতে পারে না।"
বিএনপির সংস্কারপন্থী অংশকে 'সরকারের ফ্যাক্টরি থেকে তৈরি' বলে দেলোয়ারের করা মন্তব্যেরও প্রতিবাদ করেছেন হাফিজ।
তিনি বলেন, "যদি তাই হয়, গ্যাটকো মামলায় সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়াকে আসামি করা হলো কেন? আমরা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি করি। সরকার কিংবা কোনো সংস্থার কথায় চলি না।"
আগামী নির্বাচনে বিএনপি অন্য কোনো দলকে 'ওয়াকওভার' দেবে না মন্তব্য করে হফিজ বলেন, "আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপিই অংশ নেবে।"
কারাবন্দি নেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, "আমাদের নেত্রীকে নিয়ে আমরা সংলাপে যেতে চাই। তিনি মুক্ত হলে দলীয় কাউন্সিল ডাকবেন। সেখানে দলের সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত হবে। খালেদা জিয়াকে বাদ দেওয়ার জন্য কোনো সংস্কার প্রস্তাব কেউ করেনি। অথচ একটি মহল অপপ্রচার চালিয়েছে, সংস্কার প্রস্তাবের উদ্দেশ্যই ছিল নেত্রীকে অপসারণ।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "কোনো ব্যক্তির অহমিকার কারণে দল বিভক্ত থাকতে পারে না। আমরা খালেদা জিয়াকে নেত্রী মানি। তা হলে দলকে কে বা কারা বিভক্ত করে রাখতে চায়- এটা দলীয় নেতা-কর্মীদের বুঝতে হবে।"
হাফিজ উদ্দিন আহমেদের বাসায় ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে শাহ মো. আবুল হোসাইন, নাজির হোসেন, আনোয়ার হোসেন খান চৌধুরী, ফজলুল আজিম, এস এ সুলতান, ডা. রুস্তম আলী ফরাজীসহ ১৩ জন সাবেক সাংসদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/১৯২৪ ঘ.
bdnews24