ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের পক্ষ থেকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে বুধবার আওয়ামী লীগ ও বিএনপি'র দুই গ্র"পসহ ১৩টি রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে।
এ নিয়ে মোট ১৯ টি রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হল।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো.কাজী আমিনুল ইসলাম বুধবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ বিশেষ দূত মারফত ১৩ দলের কাছে চিঠি পাঠানো হয়েছে। গতকাল পাঠানো হয়েছে ৬টি দলকে।"
বুধবার রাত সাড়ে দশটার পর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও উপ দপ্তর সম্পাদক এবিএম মোজাম্মেল হক বলেছেন তারা তখনো চিঠি পাননি।
মঙ্গলবার সন্ধ্যায় আমন্ত্রণপত্র পাঠানো হয় ৬ টি রাজনৈতিক দলের কাছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসার জন্য প্রাথমিকভাবে এই ১৯টি দলকে নির্ধারন করা হয়েছে।
আমন্ত্রণপত্রে প্রতিটি দলকে আগামী এক সপ্তাহের মধ্যে ৫ থেকে ৭ জনের একটি প্রতিনিধিদলের নাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টা কোন দলের সঙ্গে কবে বসবেন তা দলগুলোকে পরে জানানো হবে । চিঠিতে এর বেশি কিছু উল্লেখ করা হয়নি।
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ, বিএনপি (দেলোয়ার এবং হাফিজ দুই গ্র"প) জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, এলডিপি, ইউনিটি ফর পলিটিক্যাল রিফর্ম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাসদ (খালেকুজ্জামান) খেলাফত আন্দোলন (হাফেজ্জী হুজুর), খেলাফত মজলিশ (শায়খুল হাদিস), পিডিপি এবং কল্যাণ পার্টিকে চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে চিঠি পাঠানো হয় বিকল্পধারা, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, জাসদ (ইনু), কৃষক শ্রমিক জনতা লীগ এবং গণফোরামকে।
প্রধান উপদেষ্টা সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ২২ মে থেকে সরকারের সংলাপ শুরু হবে বলে জানান। এর আগে সংলাপের প্রস্তুতির জন্য দায়িত্বপ্রাপ্ত ৫ উপদেষ্টা বলেছিলেন রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে মূল সংলাপের আমন্ত্রণ জানানো হবে।
সিপিবির সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বুধবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার পরে তাদের দলীয় কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে সংলাপের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
ইনু বলেন,"চিঠিতে সংলাপের দিনক্ষণ উল্লেখ করা হয়নি। আমাদের ৫-৭ জন কেন্দ্রীয় নেতার নাম, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর চাওয়া হয়েছে ওই চিঠিতে। বলা হয়েছে যে সুবিধামত সময়ে দিনক্ষণ চূড়ান্ত করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি /এসইউএম/এসকে/২১৫০ঘ.
bdnews24