ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে বুধবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের সহকারী পরিচালক খায়রুল হুদা বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।
এতে বলা হয়, অভিযুক্তরা ঘোষিত আয়ের বাইরে ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদের মালিক হয়েছেন। এছাড়া কমিশনে দেয়া হিসাব বিবরণীতে ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তারা।
কমিশনের সহকারী পরিচালক শফিউল আজম গত বছর ১৬ আগস্ট রমনা থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা কর ফাঁকির মামলার রায়ে গত ১১ মে আব্বাসকে ৮ বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া একই অভিযোগের দুটি মামলায় গত বছর আফরোজার ১৬ বছরের কারাদণ্ডের আদেশ হয়।
মির্জা আব্বাস কারাগারে ও আফরোজা পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিসি/জেকে/২০২৮ ঘ.
bdnews24