ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদে কাজ করা থেকে বিরত থাকার আদেশের বিরুদ্ধে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের আবেদন গ্রহণ করেননি ঢাকার জেলা জজ আদালত। ফলে এ বিষয়ে নিম্ন আদালতের আগের সাময়িক নিষেধাজ্ঞাই বহাল থাকছে।
সুজনের দায়িত্ব গ্রহণের ওপর গত ১২ মে স্থগিতাদেশ দেন ঢাকার সহকারী জজ ইফতেখার আহমেদ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মে পর্যন্ত এ স্থগিতাদেশ দেওয়া হয়।
এর বিরুদ্ধে বুধবার সকালে ঢাকার জেলা জজ আদালতে আপিল করেন অ্যাডভোকেট সুজন। কিন্তু শুনানি শেষে ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মো. শফিউল্লাহ আবেদন নাকচ করে দেন।
আপিলটির অন্যান্য বিষয়ে শুনানির জন্য ১০ জুন তারিখ দেন বিচারক।
সুজনের প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন নিম্ন আদালতে করা আবেদনে বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের পর ভোট গণনায় প্রথমে তাকে বিজয়ী ঘোষণা করা হলেও পরদিন জয়ী ঘোষণা করা হয় নূরুল ইসলাম সুজনকে।
মামুন তাকে বৈধ নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণার জন্য আদালতের আদেশ চান।
এরপর আদালত নূরুল ইসলাম সুজনসহ নির্বাচন উপ কমিটির ১১ জনকে ঘটনার কারণ দর্শাতে বলেন।
নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন, নির্বাচন উপ কমিটির আহ্বায়ক নিজামুল হক নাসিম, সমিতির সহ সম্পাদক কে এম জাহিদ সারোয়ার কাজল, নির্বাচন উপকমিটির সদস্য আকম আব্দুল হাকিম, পূরবী রানী শর্মা, জিয়াদ আল মালুম, মোতাহের হোসেন সাজু, আশরাফুল কামাল, শেখ আখতারুল ইসলাম, আবু মো. আমিন উদ্দীন ও ফাহিমা নাসরিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচসি/এসএনডি/এমএ/১৯১৫ ঘ.
bdnews24