ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সারাদেশে ঘরোয়া রাজনীতি করার অনুমতি দেওয়ায় মঙ্গলবার প্রথম দিনেই বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর কার্যালয় নেতা-কর্মীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠেন।
প্রায় ১৩ মাসে জমে যাওয়া ধুলো ময়লা ঝেড়ে, ধোয়া মোছা করে তারা প্রবেশ করেন কার্যালয়ে। মিলাদ, মিষ্টি বিতরণ, নেতা-কর্মীদের কোলাকুলির মধ্য দিয়ে শুরু করেন ঘরোয়া রাজনীতি। কোথাও কোথাও প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা দুই নেত্রীর মুক্তিও দাবি করেছেন।
সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর কেবল ঢাকা মহানগরীতে ঘরোয়া রাজনীতি শুরুর অনুমতি দেওয়া হয়েছিল।
সারাদেশ থেকে আমাদের প্রতিনিধির পাঠানো খবর:
চট্টগ্রাম অফিস : ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পরদিনই মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামে প্রধান দুই রাজনৈতিক দলের কার্যালয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। দীর্ঘদিন আত্মগোপনে বা নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতাই এসময় উপস্থিত ছিলেন।
সকাল থেকেই মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ঝাড়মোছ শুরু হয়। সকাল ১১টার দিকে নগরীর নাছিমন ভবনে মহানগর বিএনপি কার্যালয় খোলা হয়। অফিস ধোয়া মোছার কাজ চলে। বিকেলে মহানগর বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও স্থানীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বলেন, "দেশনেত্রী শেখ হাসিনার মুক্তি ছাড়া আগামী নির্বাচন হতে পারবে না।"
মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে প্রত্যাহার করলেও দীর্ঘদিন পর পার্টি কার্যালয়ে প্রাণ এসেছে এবং কর্মীদের মনোবল বেড়েছে।"
এছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদসহ অন্যান্য রাজনৈতিক দলের কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
বগুড়া: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ প্রভৃতি দলের নেতাকর্মীরা সকাল থেকে অফিসে আসতে শুরু করে। প্রধান উপদেষ্টার ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার পর সোমবার রাত থেকেই দলীয় কার্যালয়গুলো ধোয়া মোছার কাজ শুরু হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান উপদেষ্টার ভাষণে রাজনৈতিক কর্মকাণ্ডে তেমন আশার বাণী না থাকলেও দীর্ঘদিন পর পার্টি অফিসে আসতে পেরে আনন্দবোধ করছি।"
সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা পার্টি অফিসে আসতে শুরু করেন। সন্ধ্যায় অফিসে মিলাদ মাহফিলের আয়োজন করা হয।
জেলা জাতীয় পার্টি সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, "ঘরোয়া রাজনীতি চালুর পর পার্টি অফিসে নিজেদের মধ্যে বসতে পেরে ভাল লাগছে।"
জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিকেলে নিজেদের মধ্যে কোলাকুলি, সৌর্হাদ্য বিনিময়সহ মিষ্টি বিতরণ করেছেন। জাসদ, বাসদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অফিসে কোনো অনুষ্ঠানের আয়োজন করা না হলেও নেতাকর্মীরা নানা ধরনের আলোচনায় ব্যস্ত ছিলেন।
রংপুর: ঘরোয়া রাজনীতি শুরুর প্রথম দিন মঙ্গলবার দুপুরের মধ্যেই বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দলের অফিস পরিষ্কার পরিচ্ছন্ন ও ধোয়া মোছার কাজ শেষ হয়েছে। বিকেল থেকে দলীয় কার্যালয় নেতা কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। কুশল বিনিময়, মিলাদ মাহফিল, কোলাকুলি আর রাজনৈতিক আলোচনায় মুখর হয়ে উঠেন নেতা কর্মীরা।
জেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক রেজাউল করিম রাজু বলেন, "দীর্ঘদিন পর জেলা উপজেলা পর্যায়ে ঘরোয়া রাজনীতি শুরু হলেও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য এটা যথেষ্ট নয়।"
জেলা জাতীয় পার্টি কার্যালয়ে বিকেলে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয প্রেসিডিয়াম সদস্য প্রবীন রাজনিতীবিদ মো. আফজাল বলেন, "আমাদের দলীয় কার্যালয় সব সময়ই খোলা ছিল। তবে এতদিন আমরা রাজনতিক কর্মকাণ্ড করিনি। এবার কর্মকাণ্ড জোরে শোরে শুরু করব।"
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কার্যালয়েও নেতা কর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
জাসদ (ইনু) জেলা সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রাঙ্গা বলেন, "আমরা জরুরি অবস্থা প্রত্যাহার করে রাজনৈতিক কর্মকাণ্ড উন্মুক্ত করে দেওয়ার আহবান জানাচ্ছি।"
জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাহবুবার রহমান বেলাল বলেন, "আমরা অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে সকল রাজনৈতিক কর্মকাণ্ডের ওপরেে থকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানাই।"
জেলা বিএনপি কার্যালয়ে বিকেল ৪টার গিয়ে দেখা গেছে তাদের কোনো কর্মকাণ্ড নেই। কোনো নেতা কর্মীকেও দেখা যায়নি। মোবাইল ফোনে চেষ্টা করেও জেলা বিএনপি সভাপতি রহিম উদ্দিন ভরসার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম মিজু বলেন, "সন্ধ্যার পর তারা দলীয় কার্যালয়ে আসবেন।"
পটুয়াখালী: সারাদেশে ঘরোয়া রাজনীতি উম্মুক্ত করে দিলেও পটুয়াখালীতে এখনও রাজনৈতিক তৎপরতা শুরু হয়নি। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে তেমন উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে না।
তবে জেলা আওয়ামী লীগ কার্যালয় সকালে খোলা হয়েছে। সন্ধ্যার পর খোলা হয়েছে বিএনপি অফিস। খোলা হয়েছে জামায়াতে অফিসও।
জেলা জাতীয় পার্টি সভাপতি গোলাম মোস্তফা তালুকদার জানান, সন্ধ্যায় জেলা প্রশাসকের সঙ্গে সভার পর দলীয় কার্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ঘরোয়া রাজনীতি উম্মুক্ত করার পরিপ্র্রেক্ষিতে জেলা প্রশাসক মঙ্গলবার সন্ধ্যায় সকল রাজনৈতিক দলের সঙ্গে এক মতবিনিময় সভা আহবান করেছেন।
সাতক্ষীরা: ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জেলা বিএনপির নেতাকর্মীরা দলের অস্থায়ী কর্যালয়ে সমবেত হয়ে মিষ্টিমুখ করেন এবং দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
এদিকে, গেজেট নোটিফিকেশন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী দলীয় অফিসের চাবি ফেরত দেবে না বলে প্রশাসন জানিয়েছে। তাই এ দুইটি দলের নেতাকর্মীরা অফিসে আসেননি।
জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান শেখ আজাহার হোসেন বলেন, তাদের দলীয় নেতাকর্মীরা কিছু সময়ের জন্য অফিসে বসেন।
যশোর: যশোরে রাজনৈতিক দলীয় নেতা কর্মীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। শহরের বিভিন্ন রাজনৈতিক দলের অফিস গুলো খুলতে দেখা যায়। আওয়ামী লীগের জেলা কার্যালয়ে ঝাড়া মোছার কাজ চলছিল। এছাড়া সিপিবি, ন্যাপ, জাপাসহ অন্যান্য রাজনৈতিক দলের অফিস গুলো খোলা হয়। তবে প্রথম দিনে দলীয় কোন কর্মকাণ্ড হয়নি। পরিস্কার পরিচ্ছন্নতা এবং গল্প গুজব করে অনেকটা আয়েশি সময় কাটিয়েছেন।
আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী খালেদুর রহমান টিটো বলেছেন, "প্রধান উপদেষ্টার ভাষেণে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, দুই নেত্রীর মুক্তি এবং মানুষের নাকাল অবস্থা সম্পর্কে কোনো বক্তব্য না থাকায় জাতি হতাশ হয়েছে।"
সন্ধ্যায় শহরের দড়াটানা মোড়ের কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ। মিলাদ শেষে মিষ্টি বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাত হোসেন, যুবলীগের জেলা সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার বলেন, দীর্ঘ ১৩ মাস পর কার্যালয়ে আসতে পেরে তারা আনন্দিত। হাসিনার মুক্তির দাবিতে আন্দোলনে যাবেন বলেও তারা জানান।
বিকেলে জেলা বিএনপির নেতা-কর্মীরা লাল দিঘির পাড়ের কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে তারা মিষ্টি বিতরণ করেন। তবে তাদের কার্যালয় খোলা হয়নি।
জেলা বিএনপি সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়ন বলেন, তাদের দলীয় অফিসটি বকেয়া পাওনার দায়ে গত বছর জেলা প্রশাসন বন্ধ করে দেয়। তাদের পাওনা পরিশোধ করা হয়েছে। এখন অনুমতি পেলে আজই অফিস খুলে দেওয়া হবে।
ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, ভাষনে জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর অফিসে উল্লেখযোগ্য কোনো নেতার উপস্থিতি ছিল না।
কুড়িগ্রাম: দুপুরে খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপি জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছে।
অপরদিকে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় খুলেছে।
জেলা জাপার (এরশাদ) আহবায়ক সাবেক এমপি মোস্তাফিজুর রহমান মোস্তা তার নিজ বাড়িতে শীর্ষ নেতাদের নিয়ে সভা করেছেন। তবে পিডিপি ও বামদলগুলোর কোনো কার্যক্রম ছিল না।
চাঁদপুর: জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত তাদের দলীয় কার্যালয়গুলো খুলেছে।
শহরের কুমিল্লা রোডের আওয়ামী লীগ অফিসের দরজা খুলেছে সকালে। বিকেল থেকে নেতা-কর্মীরা অফিসে আসতে শুরু করেন। সন্ধ্যায় মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা হয়।
বিকেলে শহরের মেথারোড এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে কয়েকজন কর্মীকে কার্যালয়ের বাইরে ঘোরাফেরা করতে দেখো গেছে। বিকেলে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুষ্ঠিত হয়নি।
জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বলেন, "পুলিশ সুপার আজ মিলাদ না করার জন্য অনুরোধ করেছেন। তাই করিনি।"
জেলা জাতীয় পার্টি কার্যালয়ে কিছুসংখ্যক নেতা-কর্মী অফিস খুলে কুশল বিনিময় করেছেন। সেখানে সংক্ষিপ্ত আলোচনা হয়। বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল হক বাচ্চু মিয়াজী, দপ্তর সম্পাদক শাহজাহান মাতাব্বর প্রমুখ।
জেলা জামায়াত কার্যালয়েও নেতা-কর্মীদের কুশল বিনিময় করতে দেখা যায়।
গাজীপুর: মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। গাজীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় যৌথবাহিনী ভেঙ্গে ফেলায় নেতা-কর্মীরা বিকেলে শহরের গাজীপুর ক্লাব প্রাঙ্গণে ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাজনৈতিক আলাপচারিতায় অংশ নেন।
সারাদিন জেলা বিএনপি কার্যালয়ে উৎসুক নেতা-কর্মীদের আনাগোনা লক্ষ্য করা গেছে। তবে উল্লেখযোগ্য কোন নেতা গতকাল দলীয় কার্যালয়ে যাননি।
সশস্ত্রবাহিনীর সমর্থনে ২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। এরপরই রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থার আওতায় সভা-সমাবেশসহ সবধনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর জারি হয় নিষেধাজ্ঞা।
জরুরি অবস্থা জারির প্রথমদিকে দলগুলো বিভিন্ন উপলক্ষ ধরে সীমিতভারে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৮ মার্চ ঘরোয়া রাজনীতির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দেয় সরকার। পরদিন দেশজুড়ে দলগুলোর কার্যালয়ে তালা লাগিয়ে দেয় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/এমএসবি/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24