ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে জরুরি অবস্থা প্রত্যাহার ও যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে কোনো বক্তব্য না থাকায় হতাশা প্রকাশ করেছে বাম রাজনৈতিক দলগুলো।
প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন ও রাজনীতি নিয়ে নতুন কিছু বলেননি মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনীতির ওপর সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। পাশাপাশি আইনের শাসন শাসনও বজায় রাখতে হবে।"
নির্বাচনের সময়সূচি সম্পর্কে তিনি বলেন, "ডিসেম্বরে নির্বাচনের কথা তো আগেই বলা হয়েছিল। তৃতীয় সপ্তাহে নির্বাচন হওয়া মানে একেবারেই শেষের দিকে। আরো আগে নির্বাচনের সময়সূচির ঘোষণা থাকা উচিত ছিল।"
সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেকবার বিদ্যুৎ আসলো-গেল, এর মধ্যেই প্রধান উপদেষ্টার ভাষণ শুনতে হলো।"
তিনি বলেন, "ঘরোয়া রাজনীতি চালুর যে ঘোষণা দেওয়া হয়েছে তা ইতিবাচক। তবে, রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা উচিত ছিল। তিনি সমঝোতার কথা বলেছেন। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পুরো জাতি যখন একাট্টা, সেই দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা কিছু বললেন না।"
সাধারণ সম্পাদক আরো বলেন, "প্রধান উপদেষ্টা সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সনদের কথা বলেছেন। কিন্তু একটি শ্রেণী বিভক্ত সমাজে শোষক ও শোষিত এক হয়ে যাবে তা আশা করা শুধু অবাস্তবই নয়, এর ভেতর একটা দূরভিসন্ধিও লুকিয়ে রয়েছে।"
প্রধান উপদেষ্টার ভাষণকে হাতাশাজনক আখ্যায়িত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি হাসানুল হক ইনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচনের বিষয়ে আস্থা ও বিশ্বাস তৈরি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।"
তিনি বলেন, "ঘরোয়া রাজনীতি শিথিল করা হলেও এর মধ্য দিয়ে জেলা পর্যায়ে রাজনীতিকে জিম্মি করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার ও প্রশাসনকে নির্দলীয় করার বিষয়েও নিরব ছিলেন তিনি। ভাষণের মাধ্যমে তিনি সংলাপের জন্য কার্যকর পরিবেশ তৈরিতে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করতে পারেননি।"
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "প্রধান উপদেষ্টা জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি উপেক্ষা করেছেন। ঘরোয়া রাজনীতি চালু করার যে ঘোষণা তিনি দিয়েছেন, তার সঙ্গে সরকারি প্রজ্ঞাপনের কোনো মিল নেই। বরং রাজনীতিকে নতুন বেড়াজালে আবদ্ধ করার ব্যবস্থা হয়েছে।"
প্রধান উপদেষ্টা সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২২২০ ঘ.
bdnews24