২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজ্ঞ আ.লীগ নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নির্দেশনা দেবেন: হাসিনা

কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দলের নেতাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে তারা নির্দেশনা দেবেন কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দলের নেতাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে তারা নির্দেশনা দেবেন কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করা যায়। সোমবার বিকেলে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি শেষে তার আইনজীবীদের মাধ্যমে তিনি এ কথা জানান। হাসিনার আইনজীবী আব্দুল মান্নান খান সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা আমাদেরকে বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করতে হবে।" তিনি আরও বলেন, "শেখ হাসিনা বলেছেন, দলের নেতাদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা রয়েছে। তাদের কাছ থেকেই সঠিক নির্দেশনা আসবে। সেই নির্দেশনা অনুযায়ীই আন্দোলন পরিকল্পনা চলবে।" অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, শেখ হাসিনা দেশের ভয়াবহ বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য বেসরকারী খাতে বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ দেন। তিনি জানান, অনেক অগের ঘটনা জরুরি বিধিমালায় বিচার করা যাবে বলে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এতে শেখ হাসিনা মর্মাহত হয়েছেন। তবে তিনি বিশ্বাস করেন সব মামলার অভিযোগ থেকে তিনি মুক্ত হবেন। আগামী নির্বাচন স্বচ্ছ হলে তিনিই বিপুল ভোটে নির্বাচিত হয়ে আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৮৪৭ঘ.