২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা সুবিচার পাইনি: জিল্লুর

শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর চাদাঁবাজি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের আপিল মঞ্জুর করায় হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি বলেছেন "আমরা আশা করেছিলাম সুবিচার পাবো। কিন্তু, সুবিচার পাইনি। শেখ হাসিনার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর চাদাঁবাজি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের আপিল মঞ্জুর করায় হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি বলেছেন "আমরা আশা করেছিলাম সুবিচার পাবো। কিন্তু, সুবিচার পাইনি। শেখ হাসিনার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে।" জিল্লুর বলেন, "শেখ হাসিনাকে জেলখানায় রেখে নির্বাচন জনগণ মানবে না। নির্বাচন হবে না। নির্বাচন হলেও তা শান্তিপূর্ণ হবে না। সময়ই বলে দেবে আগামীতে কী কর্মসূচি আসবে।" শেখ হাসিনার বিচারকার্য পরিচালনার সহায়তায় বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় তহবিলে নগদ অর্থ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জিল্লুর রহমানের গুলশানের বাসায় বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ৬৬ হাজার ও দুবাই প্রবাসী নজরুল ইসলাম ১৭ হাজার টাকা তহবিলে জমা দেন। অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত জামিন দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অবস্থান নিতে প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের সব বিচারপতির প্রতি আহবান জানান। তিনি বলেছেন, "আশাকরি বাংলাদেশের সুপ্রিম কোর্টের চোখ খুলবে। সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার ও মানবাধিকারের পক্ষে কথা বলবে।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রাজ্জাক বলেন, "শেখ হাসিনাকে মুক্ত করতে আইনি লড়াইয়ের সাথে সাথে আমরা যে আন্দোলন চালাচ্ছি তা চালিয়ে যেতে হবে। আরও সক্রিয়ভাবে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।" সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, "জরুরি আইনের নামে সংবিধান পরিপন্থী কাজ করা হচ্ছে। আমাদের মনে হচ্ছে, সংবিধান বর্ণিত মৌলিক অধিকার রক্ষা করা হচ্ছে না।" সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, "আইনকে স্বাভাবিকভাবে চলতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের সুপ্রিম কোর্ট নিজেই নিজের স্বাধিকার হরণ করার নজির স্থাপন করেছে।" অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, কৃষি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি ড. আব্দুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২০৪০ ঘ.