২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তিতে কর্মসূচি দেবেন দেলোয়ার; আদালতে ভরসা রাখছেন হাফিজ

খালেদা জিয়ার মুক্তি আদায়ে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির একাংশের নেতা খোন্দকার দেলোয়ার হোসেন। অপর অংশের নেতা হাফিজউদ্দিন আহমেদ আদালতের ওপর ভরসা রেখে আশা করছেন, রায়েই খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মুক্তি আদায়ে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির একাংশের নেতা খোন্দকার দেলোয়ার হোসেন। অপর অংশের নেতা হাফিজউদ্দিন আহমেদ আদালতের ওপর ভরসা রেখে আশা করছেন, রায়েই খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হবেন। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার বিএনপির দুই অংশের শীর্ষস্থানীয় দুই নেতা তাদের অবস্থানের কথা জানান। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে করা মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে সোমবার ঢাকার মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। এর প্রতিক্রিয়ায় বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তার ন্যাম ফ্ল্যাটের বাসায় সাংবাদিকদের বলেন, "নাইকো মামলাটি সাজানো, মিথ্যা ও উদ্দেশ্যমূলক। নির্বাচনে দুই নেত্রীকে বাদ দিতে তাদের অযোগ্য ঘোষণা করতেই এ মামলা করা হয়েছে। কারণ সরকার বুঝতে পেরেছে, দুই নেত্রী নির্বাচনে থাকলে তাদের আশা বাস্তবায়ন হবে না।" নাইকোসংক্রান্ত আরেকটি মামলায় শেখ হাসিনাও আসামি। খালেদা জিয়াকে কারামুক্ত করতে কর্মসূচি দেওয়ার কথা জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "দলের নেতাদের সঙ্গে আলাপ করে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে।" দেশে 'পাতানো নির্বাচন' এর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, "পাতানো ও প্রহসনের কোনও নির্বাচন দেশবাসী মেনে নেবে না। সে রকম নির্বাচন দেশবাসী হতেও দেবে না।" বিএএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলায় অভিযোগপত্র দাখিলেরও নিন্দা জানান দেলোয়ার হোসেন। নিজের ওপর 'মহল বিশেষ' থেকে হুমকি আসছে অভিযোগ করে তিনি বলেন, "কোনও হুমকি দিয়ে আমাকে দল ও দলীয় চেয়ারপারসনকে দেওয়া অঙ্গীকার পালন থেকে বিরত রাখা যাবে না। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাব।" অন্যদিকে বিএনপির 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত অংশের নেতা হাফিজউদ্দিন আহমেদ খালেদা জিয়ার মামলার বিষয়টি 'আদালতে বিচারাধীন' বিষয় উল্লেখ করে এ নিয়ে বেশি কিছু বলতে অনীহা প্রকাশ করেন। নিজের বনানীর বাসায় বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজ সাংবাদিকদের বলেন, "এটি বিচারাধীন বিষয়-সাবজুডিস। আমরা আশা করছি, আদালতে ন্যায়বিচারের মাধ্যমেই খালেদা জিয়া মুক্তি পাবেন।" সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে হাফিজউদ্দিনের সঙ্গে দেখা করতে তার বাসায় আসেন যুক্তরাজ্যের বিদায়ী রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী। নির্বাচন ও সংলাপ ও রাজনৈতিক সংস্কার নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয় বলে হাফিজউদ্দিন জানান। আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেন, রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। হাফিজউদ্দিনের সঙ্গে বৈঠক রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে তার বিদায়ী সাক্ষাতের অংশ বলে আনোয়ার চৌধুরী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএইচবি/১৯২৩ ঘ.