ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঘনীভূত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) চালিত বাসের ভাড়া কমানো, বিআরটিসির উদ্যোগে সিএনজি-বাস চালু করা এবং সিএনজি-ক্যাব ও স্কুটারের ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে 'সিটিজেন রাইটস মুভমেন্ট'।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি জানিয়ে বলেন, স্বল্প সুদে ব্যাংক ঋণ গ্রহণ, কম শুল্কে আমদানি এবং সস্তামূল্যে সিএনজি দিয়ে গাড়ি চালিয়ে যানবাহন মালিকরা ডিজেলের চেয়ে ৫-৬ গুন বেশি ভাড়া আদায় করছে।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব তুষার রেহমান। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, প্রকৌশলী মো. আলফাজ, প্রকৌশলী সর্দার আমিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, "সিএনজি চালিত বাস মালিকরা প্রথম দিকে ৬ টাকায় সিএনজি কিনে ভাড়া আদায় করতো ১৪ টাকা। এখনও তারা ১৪ টাকাই আদায় করছে।"
অভিযোগ করা হয়,"সিণ্ডিকেট চক্র ট্যাক্সি ক্যাব ও সিএনজি-স্কুটার আমদানিকৃত মূল্যের দ্বিগুন দামে বিক্রি করছে। ফলে এসব যানবাহন মালিক-চালকরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/জিএনএ/১৬২৬ঘ.
bdnews24