২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা ৮৬ সালের মতো নির্বাচন চাই না: সাইফুর

বিএনপির স্থায়ী কমিটির মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান বলেছেন, তার দল ১৯৮৬ সালের মতো নির্বাচন চায় না। খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বাদ দিয়ে দেশে অর্থবহ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। সিলেট জেলা বিএনপির একটি প্রতিনিধিদল শুক্রবার বিকেলে গুলশানে সাইফুর রহমানের বাসায় দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান বলেছেন, তার দল ১৯৮৬ সালের মতো নির্বাচন চায় না। খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বাদ দিয়ে দেশে অর্থবহ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। সিলেট জেলা বিএনপির একটি প্রতিনিধিদল শুক্রবার বিকেলে গুলশানে সাইফুর রহমানের বাসায় দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন। সাইফুর বলেন, "আমরা ৮৬ সালের মতো নির্বাচন চাই না। বৃহত্তর জনগোষ্ঠির অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অর্থবহ নির্বাচন চাই। দুই বৃহত্তর দলের নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা বাদ দিয়ে অর্থবহ নির্বাচন সম্ভব বলে আমার মনে হয় না।" সাবেক এরশাদ সরকারের আমলে অনুষ্ঠিত ১৯৮৬ সালের ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও বিএনপি তা বয়কট করে। মধ্যরাতে গণমাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ করে দিয়ে পরদিন এরশাদের জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করা হয়। বিএনপির দুই অংশকে ঐক্যবদ্ধ করার বিষয়ে সাইফুর সিলেট জেলা নেতাদের উদ্দেশে বলেন, "দলকে ঐক্যবদ্ধ করা না গেলে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।" তিনি বলেন, "বিএনপির নেত্রী খালেদা জিয়া। আমি তার অনুপস্থিতিতে দায়িত্ব নিয়েছি। তিনি আইনি প্রক্রিয়ায় বেরিয়ে এলেই আমি মুক্ত হতে পারি।" এসময় দলের স্থায়ী কমিটি মনোনিত অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য আবদুল মান্নান ভূঁইয়াসহ সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিশুর নেতৃত্বে প্রায় ৩০ জন নেতা সাইফুর রহমানের বাসায় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, "আমরা রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। নির্বাচনী আসন সীমানা পুনর্র্নিধারণ নিয়ে আইনি জটিলতা হতে পারে। আমরা চাই, আগের আসন ব্যবস্থাতেই নির্বাচন হোক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২০৩৯ ঘ.