ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে পাতানো নির্বাচনের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তা রুখতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শুক্রবার জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। মে দিবস ও শ্রমিক দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়।
বর্তমান নির্বাচন কমিশনকে 'বিতর্কিত' আখ্যায়িত করে খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, "তারা সংসদকে বাদ দিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করে মানুষের অধিকার খর্ব করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নিজেদের পছন্দসই মানুষদের দিয়ে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে রবার স্টাম্প সংসদ তৈরি করতে চায়।"
নির্বাচন কমিশনের 'ষড়যন্ত্র' রুখতে সব রাজনৈতিক দল ও দেশের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, "দেশের মানুষ কখনোই মেনে নেবে না। এর বিরুদ্ধে জনগণ ও সব দলকে এক হয়ে দাঁড়াতে হবে।"
নির্বাচন কমিশন অধ্যাদেশ জারির মাধ্যমে রাজনৈতিক দলের অধিকার খর্ব করার প্রয়াস চালাচ্ছে বলেও অভিযোগ করেন খোন্দকার দেলোয়ার।
তিনি বলেন, "আজ শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার নেই। বদ্ধ ঘরে আলোচনা সভা করতে হচ্ছে। একের পর এক নিবর্তনমূলক আইন তৈরি করছে সরকার। এসব আইন জনগণের স্বার্থের অনুকূলেও নয়।"
দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করে খোন্দকার দেলোয়ার বলেন, "জনমতকে উপেক্ষা ও খালেদা জিয়াকে বন্দি রেখে জাতীয়তাবাদী শক্তিকে বিপর্যস্ত করতে সরকারের কোনও 'কুমতলব' হাসিল হবে না।"
আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ বলেন, "বর্তমান সরকার দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করতেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেন্ট মার্টিনের কাছে আমাদের সমুদ্রসীমা মিয়ানমার দখল করেছে। অথচ সরকার এ বিষয়ে চুপ রয়েছে।"
শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রমিক নেতা রেহান উদ্দিন, আবুল খায়ের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯১৬ ঘ.
bdnews24