২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে মুক্তি দিয়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন: আমু

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিয়ে অর্থবহ সংলাপ ও গ্রহনযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিয়ে অর্থবহ সংলাপ ও গ্রহনযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ দাবি জানান। আওয়ামী লীগের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এ আলোচনা সভায় আমু বলেন,''দীর্ঘদিন জরুরী আইন বলবৎ থাকায় সর্বক্ষেত্রে স্থবিরতা ও অচলাবস্থা বিরাজ করছে। খাদ্য সংকটের হাত ধরে মানবিক সংকটের পূর্বাভাষ পাওয়া যাচ্ছে।'' তিনি এ সংকট উত্তরণে শেখ হাসিনার মুক্তি দাবি করেন। একই সঙ্গে অবিলম্বে শ্রমিকদের ন্যুনতম মজুরী সাড়ে ৪ হাজার টাকা নির্ধারণ, স্থায়ী রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানান তিনি। দলের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, ''নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণী কার্যক্রম বন্ধ করে সর্বাগ্রে গ্রহণযোগ্য নির্বাচন চাই। তার আগে হাসিনাকে মুক্তি দিতে হবে।'' তিনি রাজনৈতিক দল ও সরকারের মধ্যে সংলাপ সীমাবদ্ধ রাখার কথাও বলেন। শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, সহসভাপতি শাহজাহান খান, আবদুস সালাম খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বিকেলে আবদুল মতিন মাস্টার ও রায় রমেশ চন্দ্রের নেতৃত্বে শ্রমিক লীগের নেতা-কর্মীরা কারাবন্দি নেত্রী শেখ হাসিনাকে মে দিবসের শুভেচ্ছা পৌঁছে দিতে বিশেষ কারাগারের কারা সুপারের কাছে ১২২টি গোলাপ ফুল দিয়ে তৈরি নৌকা প্রতীক দেন। এ সময়ে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও ইয়াফেস ওসমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমএ/১৯৫৩ ঘ.