২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ এপ্রিলের মধ্যে হাসিনার মুক্তি না হলে নতুন কর্মসূচি: আমু

শেখ হাসিনাকে আগামী ২৯ এপ্রিলের মধ্যে মুক্তি দেয়া না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। শনিবার রাজধানীর আসাদগেট এলাকার মেহেদী কমিউনিটি সেন্টারে শেখ হাসিনার মুক্তির দাবিতে ধানমন্ডি-মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের গণস্বাক্ষর কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে আমু এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে আগামী ২৯ এপ্রিলের মধ্যে মুক্তি দেয়া না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। শনিবার রাজধানীর আসাদগেট এলাকার মেহেদী কমিউনিটি সেন্টারে শেখ হাসিনার মুক্তির দাবিতে ধানমন্ডি-মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের গণস্বাক্ষর কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে আমু এ কথা বলেন। তিনি বলেন, "২৯ এপ্রিলের মধ্যে শেখ হাসিনার মুক্তি না হলে নতুন কর্মসূচি দেয়া হবে। এটা এখন কেবল আওয়ামী লীগের দাবি নয়, এটা সমগ্র জাতির দাবি।" দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, "শেখ হাসিনার মুক্তি ছাড়া সঙ্কট উত্তরণের কোনো বিকল্প নেই।" তিনি বলেন, "জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে। বাংলার জনগণ তা মেনে নেবে না। সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে রাজ্জাক বলেন, "দ্রব্যমূল্যের কষাঘাতে সারাদেশের মানুষ অতিষ্ট। গরীব আরও গরীব হচ্ছে। মধ্যবিত্তরা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র।" সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "আইনী প্রক্রিয়ায় শেখ হাসিনার মুক্তি না হলে দলের কেন্দ্রীয় কমিটি সংগ্রামে অবতীর্ণ হবে। শেখ হাসিনার মুক্তি ছাড়া সংলাপ কোনো কাজে লাগবে না। নির্বাচনও অর্থবহ হবে না। আর সংলাপ ব্যর্থ হলে বাংলাদেশ মহাসঙ্কটে পড়বে।" সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মতিয়া চৌধুরী বলেন, "শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে কোনও নির্বাচন হবে না। তাকে নিয়েই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে।" মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুকুল বোস, আব্দুল মান্নান, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, ড. আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, ইয়াফেস ওসমান, নগর নেতা এম এ আজিজ, অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/২০০১ ঘ.