২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা হাসপাতাল থেকে পুনরায় কারাগারে

দ্বিতীয় দফায় এক সপ্তাহ চিকিৎসা শেষে শেখ হাসিনাকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে আবার কারাগারে ফেরত নেওয়া হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শেখ হাসিনাকে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে নিয়ে আসা হয়েছে। তিনি এখন সুস্থ। চোখের সমস্যার জন্য তাকে নতুন চশমা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 12:05 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দফায় এক সপ্তাহ চিকিৎসা শেষে শেখ হাসিনাকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে আবার কারাগারে ফেরত নেওয়া হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শেখ হাসিনাকে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে নিয়ে আসা হয়েছে। তিনি এখন সুস্থ। চোখের সমস্যার জন্য তাকে নতুন চশমা দেওয়া হয়েছে। কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রীকে সর্বশেষ গত ১৯ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু তার রক্তচাপ উঠা-নামা করায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসিনাকে ফিরিয়ে নেওয়ার পর বিশেষ কারাগারের সামনে কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের বলেন, "তিনি (শেখ হাসিনা) এখন সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই স্কয়ার হাসপাতালের ছাড়পত্র নিয়ে উনাকে বিশেষ কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।" কারা কর্মকর্তা আরও জানান, শেখ হাসিনার রক্তচাপ বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তার চোখের জন্য নতুন চশমা দেওয়া হয়েছে। অধ্যাপক সানোয়ার হোসেনের নেতৃত্বে সাত জন চিকিৎসকের একটি প্যানেল স্কয়ার হাসপাতালে শেখ হাসিনার চিকিৎসা করেন। অপর চিকিৎসকরা হলেন, অধ্যাপক সারওয়ার-ই-আলম, তৌহিদুল ইসলাম, আরশাদুল আমিন, শাহিল মাহমুদ, মিজানুর রহমান ও শাহ আলম। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই গত বৃহস্পতিবার শেখ হাসিনাকে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় আদালতে হাজির করা হয়। সেদিন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী ও আইনজীবী শেরি ব্লেয়ারের সঙ্গে আদালতে কথা বলেন তিনি। এর আগে এর আগে গত ১১ মার্চ শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২০ দিন পর ৩০ মার্চ তাকে হাসপাতাল থেকে ফেরত পাঠানো হয়। ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলায় সেদিনই তাকে সংসদ ভবন এলাকার বিশেষ আদালতে হাজির করা হয়। সেদিন শেখ হাসিনা আদালতে অভিযোগ করেন, চিকিৎসা শেষ হওয়ার আগেই তাকে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয়। 'সুচিকিৎসা'র জন্য শেখ হাসিনাকে বিদেশ পাঠাতে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ নেতারা দাবি জানিয়ে আসছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছরের ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। সংসদ ভবন এলাকার একটি বাসাকে বিশেষ কারাগার ঘোষণা করে গ্রেপ্তারের পর থেকেই তাকে সেখানে রাখা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমআই/১৮৫৫ ঘ.