২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থায় হলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না: জিল্লুর

জরুরি অবস্থায় নির্বাচন হলে আওয়ামী লীগ তাতে অংশ নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। রোববার বিকেলে গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থায় নির্বাচন হলে আওয়ামী লীগ তাতে অংশ নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। রোববার বিকেলে গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জরুরি অবস্থায় আওয়ামী লীগ নির্বাচনে যাবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, " না যাব না।" তিনি বলেন, "আওয়ামী লীগ সভানেত্রীকে জেলে রেখে নির্বাচন করা সম্ভব নয়। " নির্বাচন নিয়ে সংশয় রয়েছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জিল্লুর বলেন, "এটাই আমাদের মনে স্ট্রাইক করছে। সরকার তিন মাসের কথা বলে দেড় বছর রয়ে গেলো। এখন কে কাকে বিশ্বাস করে। " শেখ হাসিনার মুক্তির দাবিতে সারাদেশে অনশন কর্মসূচির দিন আগামী এক সপ্তাহের মধ্যে স্থির করা হবে বলে জানান ভারপ্রাপ্ত সভাপতি। আওয়ামী লীগের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের ঢাকায় ডেকে এনে এ বিষয়ে পরামর্শ চাওয়া হবে বলে তিনি জানান। শেখ হাসিনার মুক্তি ছাড়া সরকারের সঙ্গে সংলাপে বসবেন কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, " আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।" মূল কর্মসূচির ব্যাপারে সভাপতিমন্ডলীর সভাতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার মুক্তির ব্যাপারে কোন আশ্বাস পাওয়া গেছে কিনা এ প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন "সুনির্দিষ্ট কোনও আশ্বাস দেয়নি। তবে আলোচনা হয়েছে।" শেখ হাসিনার সাজা হয়ে যাবে এরকম আশঙ্কা থেকেই কি তাকে ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা বলা হচ্ছে- এ প্রশ্নের উত্তরে জিল্লুর রহমান বলেন, "আমি একজন আইনজীবী হিসেবে বলতে পারি নেত্রীর মামলা কোন মামলাই না। এটা একটা ভিত্তিহীন মামলা।" জিল্লুর রহমান জানান, রোববারের সভাপতিমন্ডলীর সভা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফূল ইসলামের চোখের সমস্যার কারণে স্থগিত করা হয়েছে। মিরপুর ও পল্লবী থানা আওয়ামী লীগের উদ্যোগে সংগৃহীত গণসাক্ষর কর্মসূচীর অনুলিপি এ সময় জিল্লুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএস/এসকে/২০১২ঘ.