ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রাক সংলাপে বসতে আওয়ামী লীগের মতো খালেদাপন্থী বিএনপিকেও এসএমএস পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। এতে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসার আমন্ত্রণ জানানো হয়।
দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মোবাইল টেলিফোনে হোসেন জিল্লুর রহমান এই এসএমএস পাঠান। সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে ওই এসএমএস-এ জানানো হয়।"
তবে বৈঠকটি নির্ধারিত সময়ে শুরু হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে সরকার আওয়ামী লীগ, সাইফুর রহমানের নেতৃত্বাধীন বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গেও একইরকম বৈঠক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/এমএইচবি/১৯৫৩ ঘ.
bdnews24