২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকার হতে হবে যোগ্যতার ভিত্তিতে: বায়তুল মোকারম খতিব

যোগ্যতা, কর্ম ও দায়িত্বের ভিত্তিতে নারী-পুরুষের সমাধিকার হবে বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব মুফতি মুহাম্মদ নূরুদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 11:24 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগ্যতা, কর্ম ও দায়িত্বের ভিত্তিতে নারী-পুরুষের সমাধিকার হবে বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব মুফতি মুহাম্মদ নূরুদ্দিন। বৃহস্পতিবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সভা কক্ষে আইন এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফের কাছে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা সম্পর্কে সুপারিশ পেশ করার পর সাংবাদিকদের কাছে ভারপ্রাপ্ত খতিব এ কথা বলেন। ভারপ্রাপ্ত খতিব ও জাতীয় নারী উন্নয়ন নীতি কমিটি প্রধান মুফতি মুহাম্মদ নূরুদ্দিন তাদের সুপারিশ সম্পর্কে সাংবাদিকদের বলেন, "উত্তরাধিকার আইনের ক্ষেত্রে কোরানে নির্দিষ্ট করে বলা আছে। তাই কোরানের নির্দেশনা পরিবর্তন করা যাবে না। যে যে ধর্মের অনুসারী তার ক্ষেত্রে ধর্মের আইন প্রযোজ্য হবে। আর অর্জিত সম্পত্তি মহিলা অর্জন করলে পুরোটাই হবে তার।" নারী-পুরুষের সমাধিকারের প্রশ্নে খতিব বলেন, "অধিকার হবে যোগ্যতার ভিত্তিতে, কর্ম ও দায়িত্বের ভিত্তিতে।" তিনি জানান, জাতীয় নারী উন্নয়ন নীতিমালার ১৫টি ধারা শরিয়াহ আইনের পরিপন্থী। এর মধ্যে 'কয়েকটি বড় ধরনের আপত্তিকর ধারা' রয়েছে। খতিব বলেন, "যারা নীতিমালাটি তৈরি করেছেন, তারা আপত্তিকর বিষয়গুলো বুঝতে পারেননি। আমরা নীতিমালাটি পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ করেছি।" খতিব বলেন, "উত্তরাধিকার আইনে কোরানের নির্দেশনা পরিবর্তন করা যাবে না।" সম্পদের মালিকানা সংক্রান্ত 'সিডও' (নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ) কোনো মুসলিম দেশ গ্রহণ করেনি বলে তিনি দাবি করেন। ভারপ্রাপ্ত খতিব সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমরা আশাবাদী, সরকার আমাদের সুপারিশ বিবেচনা করবে।" গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সরকার 'জাতীয় নারী উন্নয়ন নীতি' ঘোষণা করে। এরপর এর বিরুদ্ধে কয়েকটি ইসলামপন্থী সংগঠন একাধিকবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রস্তাবিত নীতিমালা পর্যালোচনা করার জন্য মওলানা নূরুদ্দিনের নেতৃত্বে গত ২৭ মার্চ ১৮ সদস্যর একটি কমিটি গঠন করে সরকার। এই কমিটি বৃহস্পতিবার তাদের সুপারিশ পেশ করলো। উপদেষ্টা হাসান আরিফ সাংবাদিকদের বলেন, "কমিটি নীতিমালাটি পর্যালোচনা করে তাদের সুপারিশ ও মতামত দিয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে বসে সুপারিশটি বিবেচনা করা হবে। কমিটির সুপারিশ পাওয়ার পর নীতিমালায় ভাষাগত ও অন্তর্নিহিত ভাবের যে দূরত্ব রয়েছে, তা দূর হবে। উপদেষ্টা বলেন, "কমিটির সদস্যরা জানিয়েছেন, এক শ্রেণীর সুযোগ সন্ধানী লোক এই নীতিমালার সুযোগ নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। আলেমরা এই বিশৃঙ্খল পরিস্থিতি সমর্থন করেন না।" কমিটি নীতিমালার কোন কোন ধারায় সুপারিশ দিয়েছে, তা জানতে চাইলে তিনি বলেন, "সুপারিশটি মাত্রই পেয়েছি। এটি এখনও পড়ে দেখিনি।" ইসলামপন্থী সংগঠনগুলোর কর্মসূচির কারণে নীতিমালাটি স্থগিত করা হচ্ছে কিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে উপদেষ্টা তার রুমে ঢুকে যান। কমিটির সদস্য মওলানা জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, "আরও আগে আমাদের বলা হলে, আমরা পরামর্শ করে আরও ভালো কিছু দিতে পারতাম। এরপরেও আমরা যা পরামর্শ দিয়েছি, সরকার তা বাস্তবায়ন করলে, তা দেশের জন্য ভালো হবে। সংঘাতের হাত থেকে দেশ রক্ষা পাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/বিআর/এমএআর/এমএ/১৭১৬ঘ.