২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করুন: অলি আহমেদ

বর্তমান সংকট কাটিয়ে উঠতে অবিলম্বে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ। শুক্রবার বিকেলে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব দলের আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 02:22 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সংকট কাটিয়ে উঠতে অবিলম্বে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ। শুক্রবার বিকেলে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব দলের আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ দাবি জানান। অলি আহমেদ সরকারের উদ্দেশে বলেন,'' ব্যবসায়ীদের হাতে ব্যবসা ও রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছেড়ে দিন। দ্রুত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করুন। তা হলেই সংকট থেকে উত্তরণ সম্ভব।'' সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, "সিদ্ধান্ত নিতে আমরা পিছিয়ে যাচ্ছি। ফলে নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে। এটা কোনোভাবে দেশের জন্য শুভ লক্ষণ নয়।'' অলি আহমেদ বর্তমান সরকার প্রসঙ্গে বলেন,'' জনগণ এ সরকারকে চেনেন না। তারা চেনেন সেনাবাহিনীকে। এ সরকারের ক্ষমতার উৎস সংবিধান নয়, সেনাবাহিনী। তাই জনগণ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। তাদেরকে কোনোভাবে বির্তকিত করা চলবে না।'' যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু ও দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তারেরও দাবি জানান এলডিপি প্রধান। সংগঠনের আহবায়ক আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, সভাপতিমন্ডলীর সদস্য দিদার বখত, সহ-সভাপতি নাজিমুদ্দিন আহমেদ, জয়নুল আবেদীন জাহেদী, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ, গণতান্ত্রিক যুব দলের শাহাদাত,হোসেন লস্কর হারুন, দোস্ত মোহাম্মদ, আব্দুল জাব্বার প্রমুখ নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০১৪ঘ.