ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানের চিকিৎসার পর শেখ হাসিনাকে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বিশেষ কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে কানের ব্যথা বেড়ে যাওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শেষে সন্ধ্যা ৬টার দিকে তাকে আবারো কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
হাসিনার চিকিৎসায় গঠিত স্কয়ার হাসপাতালের চিকিৎসক প্যানেলের প্রধান অধ্যাপক সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "দুপুরের পর শেখ হাসিনার কানের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।"
চিকিৎসক প্যানেলের প্রধান অধ্যাপক সানোয়ার হোসেনসহ নাক, কান, গলা বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহীন মাহমুদ, অধ্যাপক মিজানুর রহমান তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
বিশেষ কারাগারের ফটকে উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের বলেন, "আদালতে যাওয়ার সময় শেখ হাসিনা তার কানের ব্যথার কথা বলেছিলেন। পরে অনুমতি নিয়েই তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে চিকিৎসকরা তার কান পরীক্ষা করেছেন এবং অ্যান্টিবায়েটিকসহ নতুন কিছু ওষুধ দিয়েছেন। এখন তিনি ভাল আছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এএল/এমএ/১৮৫৫ঘ.
bdnews24