ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই অংশকে ঐক্যবদ্ধভাবে সংলাপে বসার অনুরোধ জানাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
সংলাপের বিষয়ে কমিশনের চিঠির বিরুদ্ধে খালেদার রিট খারিজের পর বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের বলেন, "রায় হাতে পাওয়ার পর ওনাদের (বিএনপি) সঙ্গে যোগাযোগ করব, কথা বলব। আমরা অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করব, আপনারা একজোট হয়ে আমাদের কাছে আসুন। এটি সবার জন্যই মঙ্গল।"
সিইসি বলেন, "আমরা চাই, বিএনপির নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ মিটিয়ে ফেলে এক হয়ে আমাদের কাছে আসুক। রায়ে সে রকম সুযোগ সৃষ্টি হয়েছে। রোডম্যাপ বাস্তবায়ন শুধু কমিশনের একার বিষয় নয়। এ জন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম- সবাইকে এগিয়ে আসতে হবে।"
বিএনপির সঙ্গে কমিশনের সংলাপ কবে- এমন প্রশ্নের সুস্পষ্ট জবাব দেননি শামসুল হুদা।
তিনি বলেন, "সংলাপে দুপক্ষ, নাকি একপক্ষকে ডাকব- সেটি রায় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য কৌসুলির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।"
সরকারের সঙ্গে দলগুলোর সংলাপের আগেই কমিশনের সঙ্গে বিএনপির সংলাপ হতে পারে বলে জানান তিনি।
বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে দেওয়া ইসির চিঠির বৈধতা নিয়ে খালেদার করা রিট বৃহস্পতিবার খারিজ করে হাইকোর্ট।
আদালত রায়ে বলেছে, হাফিজ উদ্দিন আহমেদকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন আইন ভঙ্গ করেনি।
সিইসি বলেন, "আমরা সঙ্কটে ছিলাম, যে কারণে অনেক কাজ আটকে গেছে। এখন কাজগুলো করতে পারব। এই রায় সঙ্কট উত্তরণে সহায়ক হবে। এখানে হার-জিতের কোনো বিষয় নেই। সবাইকে জয়ী মনোভাব নিয়ে সামনের দিকে এগুতে হবে। কারণ এখন আর পিছনের দিকে তাকানোর সুযোগ নেই।"
খোন্দকার দেলোয়ারের নেতৃত্বাধীন বিএনপি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে কমিশনের ভূমিকা কী হবে- প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটি হবে সবার জন্য দুর্ভাগ্যজনক। কারণ অনেক সময় পার হয়ে গেছে। এখন আমাদের সরল পথে এগুতে হবে।"
নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গত ২২ নভেম্বর বিএনপির সঙ্গে প্রথম দফায় সংলাপে বসার কথা ছিল নির্বাচন কমিশনের।
কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে গত ১৮ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ওই দিন আদালত স্থায়ী কমিটি মনোনীত বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেয়া চিঠির কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করে। একইসঙ্গে এ চিঠিকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চায় আদালত। এ নিয়ে দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার রিট খারিজ করা হয়।
গত বছর ১৫ জুলাই ঘোষিত কমিশনের নির্বাচনী কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই তিন মাসে সংলাপ শেষ করে এ বছরের মার্চে আইনগুলো চূড়ান্ত হওয়ার কথা।
একমাত্র বিএনপি ছাড়া কমিশন ১২ সেপ্টেম্বর থেকে ১৫ টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফার সংলাপ শেষ করে। পরে বিএনপিকে বাদ দিয়েই ১৪ ফেব্র"য়ারি থেকে কমিশন ওই দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসে। কিন্তু বিএনপিকে ছাড়া সংলাপ চূড়ান্ত না হওয়ায় কমিশন মার্চে নির্বাচনী সংস্কার আইন চূড়ান্ত করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএ/১৭৫০ঘ.
bdnews24