ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে জাতীয় নারী উন্নয়ন নীতিকে আইনে পরিণত করার প্রতিশ্র"তি দিয়েছে আওয়ামী লীগ।
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বুধবার এক মতবিনিময় সভায় এ প্রতিশ্র"তি দেন।
বেসরকারী সংস্থা সামাজিক প্রতিরোধ কমিটি রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় রাজ্জাক বলেন, "পরবর্তীতে ক্ষমতায় যেতে পারলে আওয়ামী লীগ ও তার শরীক জোট নারী উন্নয়ন নীতিমালাকে আইন হিসেবে পাস করার সর্বাত্মক চেষ্টা চালাবে।"
তিনি বলেন, "৯৭ সালের নারী উন্নয়ন নীতি থেকে আওয়ামী লীগ একটুও সরে আসেনি।"
নারী উন্নয়ন নীতির বিরোধিতাকারীদের তীব্র সমালোচনা করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) সভাপতি হাসানুল হক ইনু বলেন, "যারা এর বিরোধিতা করছে, তারা রাজনৈতিক মোল্লা, বিদেশের দালাল।"
নারী নেত্রী আয়শা খানমের সঞ্চালনে অন্যান্যের মধ্যে সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক শাহ আলম, গণফোরামের সভাপতি মণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, গণতন্ত্রী পার্টির আজিজুল ইসলাম খানসহ নারী নেত্রীবৃন্দ বক্তব্য দেন।
গত ৮ মার্চ সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি ২০০৮ ঘোষণা করে। এরপর থেকে বিভিন্ন ইসলামী সংগঠন এই নীতির বিরোধিতা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/২২০২ ঘ.
bdnews24