২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার ফ্রিগেট ক্রয় মামলা বাতিলের শুনানি চার সপ্তাহ মুলতবি

শেখ হাসিনার ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলা বাতিল আবেদনের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. এমদাদুল হকের বেঞ্চ শেখ হাসিনার পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলা বাতিল আবেদনের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. এমদাদুল হকের বেঞ্চ শেখ হাসিনার পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে সময়ের আবেদন জানিয়ে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, এই মামলায় সিনিয়র কাউন্সিল হিসাবে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম শুনানিতে অংশ নেবেন। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তাই শুনানি মূলতবি করা প্রয়োজন। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হাসান ফয়েজ সিদ্দিকী সময় বাড়ানোর বিরোধিতা করে বলেন, শেখ হাসিনা ২০০৩ সালে মামলাটি বাতিলের আবেদন করেছিলেন। পুরনো এ আবেদনটি শুনানি নিষ্পত্তি করা প্রয়োজন। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা মীর মোহাম্মদ জয়নুল আবেদীন ২০০২ সালের ৭ আগস্ট তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল এডমিরাল নুরুল ইসলাম, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টুসহ ৫ জনের মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে প্রতারণার আশ্রয় নিয়ে দক্ষিণ কোরিয়ার দেইউ কর্পোরেশনের কাছ থেকে বেশি মূল্যে ফ্রিগেট ক্রয় করে সরকারের ৪৪৭ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন করেছেন। এ মামলায় ২০০৩ সালের ৩ আগস্ট চার্জশীট দাখিল করে পুলিশ। মামলাটি বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৩ সালের ৬ ডিসেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে নিু আদালতের সব কার্যক্রম স্থগিত করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/১৯৪০ ঘ.