২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মিগ-২৯ মামলা বিশেষ এজলাসে স্থানান্তর

হাসিনার মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলা সংসদ ভবনের বিশেষ এজলাসে স্থানান্তর করা হয়েছে। বুধবার ঢাকা বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার আগামী ২০ এপ্রিল সব আসামীর উপস্থিতিতে সংসদ ভবনের বিশেষ এজলাসে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। তিনি তার বিশেষ এজলাসে এ মামলার বিচার কাজ পরিচালনা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 08:59 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- হাসিনার মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলা সংসদ ভবনের বিশেষ এজলাসে স্থানান্তর করা হয়েছে। বুধবার ঢাকা বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার আগামী ২০ এপ্রিল সব আসামীর উপস্থিতিতে সংসদ ভবনের বিশেষ এজলাসে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। তিনি তার বিশেষ এজলাসে এ মামলার বিচার কাজ পরিচালনা করবেন। আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী হাবিবুল আউয়ালের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন বিচারকের সামনে দাখিল করেন মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. সহিদুল ইসলাম সরদার। ওই প্রজ্ঞাপনে বলা হয়, মামলাটির কার্যক্রম শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের মন্ত্রী হোস্টেল, ব্লক ১-এ অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা বিশেষ বিভাগীয় জজ আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে শেখ হাসিনাকে আদালতে আনা হয়নি। এ সময় শেখ হাসিনার আইনজীবী সাহারা খাতুন এবং কামরুল ইসলাম মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দুই মাস সময় চাইলে আদালত আবেদন নামঞ্জুর করে ২০ এপ্রিল তারিখ ধার্য করেন। বিলুপ্ত দুর্নীতি ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল-জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ৫ জনকে আসামী করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ-২৯ বিমান ক্রয় করে রাষ্ট্রের প্রায় ৭শ কোটি টাকা ক্ষতি করা হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়। ২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ওই বছরেই শেখ হাসিনা এ মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। শেখ হাসিনা ছাড়া মামলার অন্যান্য আসামীরা হলেন, এয়ার মার্শাল (অব.) জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, এয়ার কমোডোর (অব.) মির্জা আখতার মারুফ ও ব্যবসায়ী ইউনিক গ্র"পের স্বত্ত্বাধিকারী নূর আলী। শেখ হাসিনা ছাড়া হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত অপর ছয় আসামী আজ (বুধবার) আদালতে হাজিরা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/আরএ/এমএ/১৪৫২ঘ.