ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বর্তমান বাজার পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
বুধবার রাজধানীর তিনটি এলাকায় বিডিআরের ন্যায্যমূল্যের দোকান পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা ক্রেতাদের একথা বলেন।
দোকানের সামনে অপেক্ষমাণ ক্রেতারা প্রধান উপদেষ্টার কাছে ৫ কেজির পরিবর্তে ১০ কেজি করে চাল বিক্রির জন্য বিডিআরকে নির্দেশ দেওয়ার অনুরোধ করেন।
এসময় ক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা ধৈর্য ধরুন। ভয়ের কোনও কারণ নেই। বোরো ধান কাটা শুরু হয়ে গেছে। বোরো ধানের ফলনও ভালো হয়েছে। গম এবং আলুরও ফলন ভালো।"
তিনি আরো বলেন, "খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য মজুদ বাড়ানো হবে। এজন্য আমদানি অব্যাহত থাকবে এবং অভ্যন্তরীণ বাজার থেকেও খাদ্য সংগ্রহ করা হবে।"
সামাজিক নিরাপত্তা বলয় বাড়ানোর জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "ভিজিডি, ভিজিএফের আওতা বৃদ্ধিসহ মৌসুমী কর্মসংস্থানের জন্য নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এতে দুস্থ মানুষের হাতে অর্থ আসবে। তাদের ক্রয় ক্ষমতা বাড়বে।"
আগারগাঁও সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়, মিরপুর দুই নম্বরে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমি এবং কল্যাণপুর বিআরটিসি ডিপো সংলগ্ন বিডিআরের ন্যায্যমূল্যের দোকান পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা।
পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা রয়েছে। আমি আশা করবো এ বিষয়ে আপনারা যথাযথ ভূমিকা পালন করবেন।"
কৃষি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই মন্তব্য করে ফখরুদ্দীন আহমদ বলেন, এজন্য আগামী বাজেটে প্রয়োজনীয় দিক নির্দেশনা থাকবে। কৃষি ও কর্মসংস্থানের উপরও সরকার গুরুত্ব দিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/আরএ/এমএ/১৪০৫ঘ.
bdnews24