ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনের জন্য ক্যানাডা থেকে স্বচ্ছ ব্যালট বাক্স সংগ্রহ করছে নির্বাচন কমিশন। বিনামূল্যে এসব ব্যালট বাক্স সরবরাহ করবে ক্যানাডা সরকার।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে ক্যানাডা সরকার বিনামূল্যে স্বচ্ছ ব্যালট বাক্স দিতে রাজি হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।"
কত স্বচ্ছ ব্যালট বাক্স আসছে- জানতে চাইলে ছহুল হোসেন বলেন, "নবম জাতীয় সংসদ নির্বাচনে মোট কয়টি কেন্দ্র হবে, একেকটি কেন্দ্রে কী পরিমাণ ব্যালট বাক্স দরকার পড়বে- এসব বিবেচনা করার পর মোট ব্যালট বাক্সের সংখ্যা ক্যানাডা সরকারকে জানানো হবে। তারা সে অনুযায়ী আমাদের সরবরাহ করবে।"
গত ১৮ মার্চ নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, খরচ ও সময় স্বল্পতার কারণে যৌথ বিনিয়োগে এ দেশে স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির উদ্যোগ বাদ দেওয়া হয়েছে।
তিনি বলেছিলেন, "আমরা দেখেছি, এ দেশে স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি প্রক্রিয়া অনেক ব্যয়বহুল। বিদেশ থেকে যে সব যন্ত্রপাতি আনতে হবে তার দাম অনেক বেশি। এ বছরের ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে বলে আমাদের হাতে এখন যথেষ্ট সময়ও নেই। এ কারণে যৌথ বিনিয়োগে দেশে এই বাক্স তৈরির চিন্তা বাদ দেওয়া হয়েছে।"
কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক মাসে ডেনমার্ক ও ক্যানাডা ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর মেশিন টুল্স ফ্যাক্টরি ও বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির বিষয়ে আগ্রহ দেখায়। মেশিন টুল্স ফ্যাক্টরির প্রস্তাবনা ছিল, তারা বিদেশ থেকে যন্ত্রপাতি কিনে বা ভাড়ায় এনে বাক্সগুলো তৈরি করবে। এর পরিপ্রেক্ষিতে কমিশন দেশে এই ব্যালট বাক্স তৈরির কথা ভেবেছিল।
বাজার দর যাচাই করতে ২০০৬ সালের অক্টোবরে ক্যানাডা দূতাবাসের কাছে স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির খরচ ও সময় সম্পর্কে জানতে চায় নির্বাচন কমিশন। দূতাবাস জানিয়েছিল, সাড়ে নয় কোটি ভোটারের জন্য (২২ জানুয়ারির না হওয়া নির্বাচনে ভোটারের সংখ্যা ছিলো প্রায় সাড়ে নয় কোটি) স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করতে সময় লাগবে দু'বছর। ক্যানাডায় এসব বাক্স বানাতে খরচ পড়বে প্রায় ৩৫ কোটি টাকা (পাঁচ মিলিয়ন মার্কিন ডলার)। এরপর চলতি বছরের গোড়ার দিকে কমিশন বিনামূল্যে ব্যালট বাক্স সরবরাহ করার জন্য ক্যানাডা সরকারকে অনুরোধ জানায়।
বছর তিনেক আগে ইউরোপীয় ইউনিয়ন বিনামূল্যে স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহ করার প্রস্তাব দিলেও কমিশন তা সরাসরি নাকচ করে দেয়।
কর্মকর্তারা জানান, গত বছরের ২২ জানুয়ারির নির্বাচনে ব্যবহার করার জন্য মেশিন টুল্স ফ্যাক্টরিতে ১১ হাজার স্টিলের ব্যালট বাক্স তৈরি করা হয়। ওই নির্বাচনের তারিখ বাতিল হলেও ব্যালট বাক্সগুলো জেলা-উপজেলা নির্বাচন কার্যালয়গুলোতে আছে। সামনে সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় নির্বাচনে এসব বাক্স ব্যবহার হতে পারে।
নির্বাচনী সংস্কার আইন নিয়ে কমিশনের সঙ্গে দু দফা সংলাপে আওয়ামী লীগসহ ১৪ দলের শরিকরা সংসদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের দাবি করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএ/১৭৪০ঘ.
bdnews24