২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিতদের মর্যাদা বাড়াতে কাজ করছে স্থানীয় সরকার কমিশন: বাণিজ্য উপদেষ্টা

স্থানীয় সরকারের আর্থিক ব্যবস্থাপনা, আইনগত পরিধি ও নির্বাচিতদের মর্যাদা উন্নয়নে স্থানীয় সরকার কমিশন কাজ করছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারের আর্থিক ব্যবস্থাপনা, আইনগত পরিধি ও নির্বাচিতদের মর্যাদা উন্নয়নে স্থানীয় সরকার কমিশন কাজ করছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে মঙ্গলবার দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "স্থানীয় সরকার শক্তিশালীকরণের দাবি অনেক আগের। বর্তমান সরকার এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সরকার কমিশন গঠন করেছে। এ কমিশন স্থানীয় সরকারের আর্থিক ব্যবস্থাপনা, আইনগত পরিধি ও নির্বাচিতদের মর্যাদা উন্নয়নে কাজ করছে।" 'গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের জন্য স্থানীয় সরকারকে কার্যকর, গতিশীল ও স্বায়ত্বশাসিতকরণ' শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট। স্থানীয় সরকারকে সামাজিক উন্নয়নের মূল ভিত উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, "জাতীয় সংস্কারের চলমান প্রবাহে স্থানীয় অর্থনৈতিক সংস্কার এখন সময়ের দাবি। স্থানীয় সরকার ব্যবস্থাপনা সামাজিক উন্নয়নের মূল ভিত। 'দরিদ্র', 'ভঙ্গুর' এসব শব্দের বেড়াজাল থেকে বের হয়ে এসে স্থানীয় সরকার কাঠামো জোড়ালো ভূমিকা পালন করতে পারে।" অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এম. ফিরোজ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মীর শওকত আলী, ঐক্যজোটের সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, সদস্য সচিব শামসুল আলম খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এএল/এসএনডি/১৯০৫ ঘ.