ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা তুলে নিয়ে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেছেন, "যতদিন জরুরি অবস্থা প্রত্যাহার এবং নির্বাচনের তারিখ ঘোষণা না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আপনাদের ওপর আস্থা রাখতে পারছি না।"
মঙ্গলবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গণঅনশন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।
শেখ হাসিনার মুক্তি এবং সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে স্বেচ্ছাসেবক লীগ দিনব্যাপী ওই কর্মসূচি পালন করে।
সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় দলের ঢাকা মহানগর শাখার কার্যালয়ে অনশন কর্মসূচি শুরু হয়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বিকাল সাড়ে ৫টায় অনশনরতদের পানি খাইয়ে কর্মসূচির সমাপ্তি টানেন।
অনশন চলার সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলের সহযোগী সংগঠনের ওই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনার সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা অবর্ণনীয়। ক্ষণে-ক্ষণে তার চিকিৎসক বদল করা হচ্ছে।"
শেখ হাসিনার চিকিৎসায় অবহেলার দায়ভার সরকারকেই বহন করতে হবে- হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "নেত্রীর কিছু হলে সে দায় সরকারকেই নিতে হবে। আর তখন যা হবে তা সরকারের জন্যও সুখকর হবে না। এমন একটা সময় আসবে, যখন কেউ কারও কথা শুনবে না।"
সুচিকিৎসার জন্য শেখ হাসিনাকে বিদেশ পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানান জিল্লুর রহমান।
সুরঞ্জিত সেনগুপ্ত অবিলম্বে শেখ হাসিনার মুক্তি এবং তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "শেখ হাসিনার মুক্তির দাবিতে গণঅনশন কর্মসূচি গণআন্দোলনের মধ্য দিয়ে গণবিস্ফোরণে রূপ নেবে।"
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, অনতিবিলম্বে শেখ হাসিনাকে মুক্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অনশনে সংহতি জানিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাহারা খাতুন, শিল্প বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, কৃষক লীগ নেতা মির্জা জলিল, শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ, মহানগর আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসেন মনসুর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ ও কবি রবীন্দ্র গোপ দুপুরে অনশনস্থলে এসে স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচির প্রতি তাদের সমর্থন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এমএ/১৮৪২ ঘ.
bdnews24