সিলেট, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর বিরুদ্ধে সোমবার অভিযোগপত্র দিয়েছে কোতয়ালি থানা পুলিশ।
ওই থানার উপ পরিদর্শক নূর মোহাম্মদ শিকদার সিলেটের প্রধান বিচারিক হাকিম রফিকুল আলমের আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আঙ্গুরা বেগম গত বছরের ১১ মে ৪ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে সিলেট কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।
বাদী অভিযোগ করেন, তিনি ইলিয়াস আলী ও তার ৪ সঙ্গীর চাপে ৫০ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য হন। আসামিরা জোর করে ৪টি স্ট্যাম্পে আঙ্গুরা বেগমের সই নিয়ে রাখে এবং তাকে লঞ্ছিত করে।
মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে ইলিয়াস আলীসহ খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান রজব আলী, উপজেলার তেলিকোনা গ্রামের বিএনপি কর্মী আবুল বশর ও আমরগাঁওয়ের ফয়জুর রহমান ফজলুকে অভিযুক্ত করেছেন। তবে মামলার অপর আসামি স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে মামলা থেকে অব্যহতি দেওয়ার আবেদন জানান।
এ মামলায় ইলিয়াস আলীসহ আসামিদের পলাতক দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩১১ ঘ.
bdnews24