ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেছেন, শেখ হাসিনাকে অবিলম্বে মুক্তি না দিলে দলের গণঅনশন কর্মসূচি গণ আন্দোলনের রূপ নেবে।
সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
'চিকিৎসা শেষ না করেই' শেখ হাসিনাকে হাসপাতাল থেকে 'জোর করে' বিশেষ কারাগারে নিয়ে যাওয়ায় সরকারকে উদ্দেশ্য করে তোফায়েল বলেন, "মৃত্যুর ভয় দেখিয়ে শেখ হাসিনার কণ্ঠ স্তব্ধ করা যাবে না। রোববারের পর থেকে আমি বিশ্বাস করি না যে আপনারা নির্দলীয় ও নিরপেক্ষ। আপনারা আমাদের প্রতিপক্ষ বানাবেন না। আমাদের প্রতিপক্ষ বানালে কী হয় তা অতীতের শাসক গোষ্ঠী জানে।"
তিনি বলেন, "গণঅনশনের কর্মসূচি দিয়ে আমরা আন্দোলনের বীজ বপণ করেছি। শেখ হাসিনাকে মুক্তি না দিলে গণঅনশন কর্মসূচি গণ আন্দোলনের রূপ নেবে।"
তত্ত্বাবধায়ক সরকার যেভাবে দেশ চালাচ্ছে সেভাবে দেশ চলে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তৃতায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "গণ সাক্ষরতা অভিযানের আগেই শেখ হাসিনাকে মুক্তি দিতে হবে- এটাই এ সভার দাবি। এরপরও আওয়ামী লীগ সভানেত্রীকে মুক্তি না দিলে সংগ্রামী কর্মসূচি দেয়া হবে।"
সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "সরকার নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে আক্রোশমূলক ব্যবহার করছে।"
এ সরকারকে অসাংবিধানিক আখ্যায়িত করে তিনি বলেন, "আমি জানি এরপর আপনারা (তত্ত্বাবধায়ক সরকার) কী করতে পারেন। আপনারা আমাদের সভাও করতে দেবেন না। তা করা হলে ঘরে ঘরে সভা হবে। নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো সরকার হবে না।"
অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আমরা অনেক ধৈর্য্য ধরেছি। সারা বাংলাদেশকে একটি বৃহৎ জেলখানা বানানো হয়েছে। আমরা জেলখানায় বাস করতে চাই না। এর পরিণাম ভালো হবে না।"
শেখ হাসিনাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যেতে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "আওয়ামী লীগ যা বলে তা করে।"
মহানগর নেতাদের উদ্দেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস বলেন, "৭৫ এর ১৫ আগস্টের পর আমরা মিছিল করেছি। আমরা কারো নির্দেশের জন্য অপেক্ষা করিনি। আপনাদের বুঝে নেওয়া উচিত আমি কী বলতে চাচ্ছি।"
প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান নূর বলেন, "বেঁচে থাকার তাগিদে জনগণই শেখ হাসিনাকে মুক্ত করে নিয়ে আসবে।"
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আব্দুল মান্নান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
এর আগে গত শনিবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে হাসিনার মুক্তি, যুদ্ধাপরাধীদের বিচার, জরুরি অবস্থা প্রত্যাহার ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আগামী ২০ এপ্রিলের আগেই সারাদেশে 'গণ অনশন' কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24