২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করছে নির্বাচন কমিশন

সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের জন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করছে নির্বাচন কমিশন। চি‎হ্নিত এসব কেন্দ্রে নির্বাচনের সময় বিশেষ আইনী ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুরে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এই তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের জন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করছে নির্বাচন কমিশন। চি‎হ্নিত এসব কেন্দ্রে নির্বাচনের সময় বিশেষ আইনী ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুরে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, "আমরা গোয়েন্দা সংস্থা ও নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে তথ্য নিচ্ছি। তথ্য সংগ্রহ শেষ হলে নির্বাচনের সময় এ সব কেন্দ্রে বিশেষ আইনী ব্যবস্থা নেওয়া হবে।" আগামী এপ্রিলে ঢাকা ও চট্টগ্রাম বাদে মেয়াদ উত্তীর্ণ রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এই চারটি সিটি করপোরেশন এবং শরীয়তপুর, সীতাকুণ্ড, কক্সবাজার, গোপালগঞ্জ, শ্রীপুর, ফুলবাড়িয়া ও মানিকগঞ্জ- এই সাতটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল সংসদ নির্বাচনে নয় কোটি ৩০ লাখ ২৩ হাজার ৫১৩ জন ভোটারের বিপরীতে ৩৩ হাজার ৭৩৫টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছিল। এর আগে অষ্টম সংসদ নির্বাচনে সাত কোাটি ৪৯ লাখ ৪৬ হাজার ৩৬৪ জন ভোটারের বিপরীতে সারাদেশে ভোটকেন্দ্র ছিল ২৯ হাজার ৯৭৭টি। রাজনৈতিক দেয়াল লিখন বন্ধ করার উদ্যোগ প্রসঙ্গে ছহুল হোসাইন বলেন, "প্রথমে আমরা সব ধরণের দেয়াল লিখন বন্ধ করতে চেয়েছিলাম। কিন্তু কয়েকটি প্রতিষ্ঠান চিঠি দিয়ে আমাদের বলেছে, এটি করা হলে পণ্যের প্রচার ও বেশ কিছু লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। তাই এখন বাণিজ্যিকভাবে পণ্যের প্রচারে দেয়াল লিখন করা যাবে- আমরা এমন একটি আইনের সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে করতে যাচ্ছি।" বাদ পড়া ভোটারদের ছবিসহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় সুযোগ থাকছে কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটি একটি অবিরাম প্রক্রিয়া। বাদ পড়া ভোটাররা সব সময়েই তালিকাভুক্ত হতে পারবেন। তবে আগের মতো কেন্দ্রে নিবন্ধিত না হয়ে তাদের নির্দিষ্ট নির্বাচন অফিসে নিবন্ধিত হতে হবে। আমরা এ জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেবো।" সেনা সহায়তায় নির্বাচন কমিশন এরই মধ্যে ওই চারটি সিটি করপোরেশন ও সাতটি পৌরসভার ভোটার তালিকা তৈরির কাজ শেষ করেছে। শিগগিরই এই তালিকার খসড়া প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এএল/এমএ/১৬৩৬ঘ.