ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন সারাদেশে এ পর্যন্ত মোট চার কোটি ৮১ লাখ ৬৬ হাজার ২০২ জনকে ছবিসহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
কমিশনের তথ্য অনুসন্ধান বিভাগ জানিয়েছে, গত সোমবার পর্যন্ত ২৩৫ টি এলাকায় ভোটার তালিকার নিবন্ধন শেষ হয়েছে। আরও ৯১ টি এলাকায় ভোটার তালিকার নিবন্ধনের কাজ চলছে। এই ৯১ টি এলাকায় নিবন্ধিত হচ্ছেন তিন কোটি ১৮ লাখ ৩৩ হাজার ৭৮৯ জন।
এবার সারাদেশে মোট ভোটারের সংখ্যা হবে আনুমানিক আট কোটি।
উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গত ১০ মার্চ ঢাকা সিটি করপোরেশন এলাকায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। ঢাকা সিটিতে এ পর্যন্ত নিবন্ধিত হয়েছেন ৩৪ লাখ ৭১ হাজার ৮৪৭ জন ভোটার। এখন চলছে ভোটার তালিকা ছাপার কাজ।
বিশ্বাস লুৎফর রহমান বলেন, "ঢাকা সিটি করপোরেশনের ভোটার তালিকা ছাপা হলে আমরা তা খসড়া আকারে প্রকাশ করবো। এর পর ১৫ দিন ধরে তা সংশোধন করা হবে। এ সময় বাদ পড়া ভোটাররাও অন্তর্ভুক্ত হতে পারবেন।"
তিনি জানান, এখন ঢাকার উপকন্ঠে দক্ষিণগাঁ, মাণ্ডা, মাতুয়াইল, বাড্ডা এলাকায় ভোটার তালিকা তৈরির কাজ চলছে।
গত বছর ১০ জুন নির্বাচন কমিশন গাজিপুরের শ্রীপুর পৌরসভায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু করে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের ২৬ তারিখ নাগাদ সারাদেশে প্রায় পাঁচ কোটি ভোটার নিবন্ধিত হবে বলে তারা আশা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/ ১৬৪০ঘ.
bdnews24