ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাসপাতালে চিকিৎসাধীন শেখ হাসিনার আল্ট্রাসনোগ্রাম ও ইসিজিসহ বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বুধবার।
হাসিনার চিকিৎসক প্যানেলের প্রধান অধ্যাপক সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সকালে শেখ হাসিনার আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ও চোখ পরীক্ষা করা হয়। তার চোখে অ্যালার্জির সমস্যা রয়েছে।
এদিকে সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে হাসিনার সঙ্গে দেখা করার পর কারা উপ-মহা কারা পরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা ভালো আছেন। সকালে তার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার এসব পরীক্ষার রির্পোট পাওয়া যেতে পারে। রিপোর্ট পাওয়ার পর ডাক্তাররা এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।"
কারাবন্দি শেখ হাসিনাকে গত ১১ মার্চ চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএ/১৯৫০ঘ.
bdnews24