প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সংসদ ভবন এলাকার ১০টি বিশেষ জজ আদালতকে ফৌজদারি মামলা পরিচালনার বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরফলে এখন থেকে ওই আদালতগুলো হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ফৌজদারি কার্যবিধির অধীন অন্য মামলাগুলোর বিচারও করতে পারবে।
সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) ফারুক আহাম্মদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, ২০০৩ সালের বিশেষ আদালত (অতিরিক্ত দায়িত্ব) আইনের ধারা ৪ (খ) এর ক্ষমতা বলে সংসদ ভবন এলাকার ১০টি বিশেষ জজ আদালতকে দায়রা আদালত হিসেবে ঘোষণা করা হলো। ওই আদালতগুলো বিশেষ জজ আদালতের অতিরিক্ত বিশেষ দায়রা আদালত হিসেবেও অভিহিত হবে।
একজন আদালত কর্মকর্তা জানান, এ প্রজ্ঞাপন জারির ফলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে হত্যা মামলাসহ চাঞ্চল্যকর অন্যন্য মামলার বিচার কাজও সংসদ ভবন এলাকায় শুরু হবে।
বিশেষ জজ আদালতগুলোর দুর্নীতি সংক্রান্ত মামলা ছাড়া অন্য মামলার বিচারিক ক্ষমতা না থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলাটির বিচার মহানগর দায়রা আদালতে শুরু হয়েছিল। এজন্য সংসদ ভবন এলাকায় ওই আদালতের আলাদা বিশেষ এজলাসও স্থাপন করা হয়।
গত বছরের ৬ মে সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে সংসদ ভবন এলাকায় ৫ টি বিশেষ জজ আদালত কাজ শুরু হয়েছিল। এরপর ওই এলাকায় নতুন আরও চারটি আদালত কাজ শুরু করে।
বর্তমানে সেখানে ৯ টি বিশেষ জজ আদালত কাজ করছে। তবে আরও একটি বিশেষ জজ আদালতের এজলাস প্রস্তুত থাকলেও এখনো তাতে বিচারক নিয়োগ দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৯১০ঘ.
bdnews24