ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার চিকিৎসকদের প্রধান আবারো বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর কানের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তার হিয়ারিং এইড পরিবর্তন করতেই হবে।
অধ্যাপক সানোয়ার হোসেন সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগেও বলেছি, এখনো বলছি, এখানে (বাংলাদেশে) শেখ হাসিনার কানের চিকিৎসা হবে না।"
সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার কয়েকটি রির্পোট সোমবার বিকেলে পাওয়া গেছে জানিয়ে স্কয়ারের এই চিকিৎসক বলেন, "সেগুলো দেখার পর সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"
এদিকে সোমবার সন্ধ্যায় কারা উপমহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের জানান, শেখ হাসিনা সুস্থ আছেন।
বিকেল ৫টার দিকে তিনি স্কয়ার হাসপাতালে যান। সন্ধ্যা সোয়া ৭টার দিকে বের হয়ে সাংবাদিকদের বলেন, "সাবেক প্রধানমন্ত্রীর রক্তচাপ এখন নিয়ন্ত্রণে। তিনি সুস্থ আছেন। সকাল ও বিকেলে দু'দফায় মোট পাঁচজন ডাক্তার তাকে দেখেছেন।"
তবে সোমবারও তার আল্ট্রাসনোগ্রাম করা হয়নি জানিয়ে সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, "শেখ হাসিনা যখনই অনুমতি দেবেন তখনই সেটি করা হবে।"
কারাবন্দি শেখ হাসিনার স্বাস্থ্য সর্ম্পকে প্রতিদিন বুলেটিন প্রকাশের দাবি সর্ম্পকে মেজর ছিদ্দিকী বলেন, "কারাগারের কিছু নিয়মকানুন আছে। এসব আমাদের মেনে চলতে হবে।"
শনিবারের পর হাসপাতাল কর্তৃপক্ষ শেখ হাসিনার স্বাস্থ্য বিষয়ে আর কোনো ব্রিফ করেনি। গত মঙ্গলবার শেখ হাসিনাকে ভর্তির পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতিদিন বিকেলে তার স্বাস্থ্য সর্ম্পকে সাংবাদিকদের তথ্য জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২১৩৫ ঘ.
bdnews24