২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি অব্যাহত

শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদনের ওপর সোমবার দ্বিতীয় মতো শুনানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 11:03 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদনের ওপর সোমবার দ্বিতীয় মতো শুনানি হয়েছে। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মঙ্গলবারও শুনানি অনুষ্ঠিত হবে। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আদালতকে বলেন, "দেশের ভালোর জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। যাদের বিচার করা উচিত তাদের বিচার করা হচ্ছে। বিচারে তারা দোষী হতে পারেন, নির্দোষ প্রমাণিত হতে পারেন। কিন্তু বিচার বন্ধ হতে পারে না।" আদালত বলেন, জামিন মানুষের মৌলিক অধিকার। সালাউদ্দিন আহমেদ বলেন, "জরুরি ক্ষমতা বিধিমালা সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘন করে না। এ বিধিমালায় যা করা হচ্ছে তা সংবিধান অনুমোদিত।" শুনানির সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল আদালতে উপস্থিত ছিলেন। শেখ হাসিনার পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার শফিক আহমেদ, আজমালুল হোসেন কিউসি ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত ২৬ ফেব্র"য়ারি আপিল বিভাগ শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের আবেদন (লিভ টু আপিল) মঞ্জুর করে। পাশাপাশি হাইকোর্টের রায় ও নিু আদালতে মামলার কার্যক্রম স্থগিতও রাখার নির্দেশ দেয় আদালত। আপিল শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ও আদালতের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়। প্রতিটি প্রবেশ পথে চলে তল্লাশি। হাসিনার মামলার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ১৮ ফেব্র"য়ারি আপিল আবেদন করে সরকার। হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তি অবৈধ ও মামলাটি বাতিল ঘোষণা করে হাইকোর্ট গত ৬ ফেব্র"য়ারি রায় দেয়। গত বছরের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়। গত ২৪ জুলাই এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন হয়। মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদির কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন। হাসিনাকে গতবছর ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএনডি/এমএ/১৬৪৮ঘ.