ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের অনুমতি থাকলেও রোববার শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি তিন আইনজীবী। কারাকর্তৃপক্ষের দাবি, হাসিনা নিজ কক্ষের বাইরে আসেননি বলেই আইনজীবীরা দেখা করতে পারেননি। তবে আইনজীবীদের আশঙ্কা অসুস্থ থাকার কারণে সাবেক প্রধানমন্ত্রীর কক্ষে তাদের যেতে দেওয়া হয়নি।
শেখ হাসিনার চিকিৎসকমণ্ডলীর প্রধান অবশ্য বলেছেন, তিনি সুস্থ আছেন।
রোববার বিকেল ৫টার দিকে হাসিনার সঙ্গে দেখা করতে স্কয়ার হাসপাতালে যান তার তিন আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট সাহারা খাতুন ও ব্যারিস্টার ফজলে নূর তাপস। তবে হাসিনার দেখা না পেয়ে প্রায় আড়াইঘণ্টা পর হাসপাতাল থেকে বের হয়ে আসেন তারা।
ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "কারাকর্তৃপক্ষের মাধ্যমে আদালতের আদেশ নিয়েই আমরা এসেছি। কিন্তু আমাদের দুই থেকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পরও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। সাড়ে ৭টার সময় কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার এসে বললেন, আজ দেখা হবে না। আগামীকাল তিনি চেষ্টা করে দেখবেন।"
শফিক আহমেদ বলেন, "আমরা অনুমান করছি নেত্রী অসুস্থ। এজন্যই হয়তো দেখা করতে দেওয়া হয়নি। আমরা বলেছিলাম, সাহারা খাতুন মহিলা হিসেবে তার সঙ্গে দেখা করতে পারেন। তাতেও অনুমতি পাওয়া যায়নি।"
তিনি জানান, সোমবার একটি মামলার অভিযোগ গঠনের তারিখ রয়েছে। কিন্তু শেখ হাসিনা হয়তো আদালতে যেতে পারবেন না।
শেখ হাসিনার চিকিৎসা নিয়ে অভিযোগ করে সাহারা খাতুন বলেন, "আমরা তার বিষয়ে শঙ্কিত। তাকে অবিলম্বে দেশের বাইরে পাঠানো উচিত।"
কারা উপ মহাপরিদর্শক পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনা পাশের কক্ষে যেতে অনীহা প্রকাশ করেছেন। তিনি আইনজীবীদের তার কক্ষে নিয়ে যেতে বলেন। কিন্তু কারাবিধিতে কারাবন্দির কক্ষে গিয়ে দেখা করার অনুমতি নেই বলে তা সম্ভব হয়নি। সোমবার তাদের সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে আমি চেষ্টা করব।"
এদিকে, শেখ হাসিনার ১২ সদস্যের চিকিৎসকমণ্ডলীর প্রধান অধ্যাপক ডা. সানোয়ার হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনা সুস্থ আছেন। এরই মধ্যে কিছু কিছু মেডিকেল টেস্টের রিপোর্ট আমাদের কাছে এসেছে। সেখানে এলার্জির বিষয়টি ধরা পড়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/
bdnews24