ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাসপাতাল বা কারা কর্তৃপক্ষ শেখ হাসিনার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোতে উৎকণ্ঠায় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপু মনি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে গত ৭২ ঘণ্টায় কোনো খবর আমরা পাইনি। ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য বা আইনজীবীদের শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।"
গত বুধবারের পর স্কয়ার হাসপাতাল বা কারা কর্তৃপক্ষ এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ডা. দীপু মনি ছাড়াও দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়াফেস ওসমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর শতাধিক নেতা-কর্মী শুক্রবার দুপুরের পর থেকে স্কয়ার হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন।
পরে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত স্কয়ার হাসপাতালের উল্টো দিকে রাস্তার পাশে সার বেঁধে দাঁড়িয়ে থাকেন তারা।
পরে কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চাই, নেত্রীর শারীরীক অবস্থা সম্পর্কে দৈনিক বুলেটিন প্রকাশ করা হোক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএ/২০১০ঘ.
bdnews24