২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা কিছুটা ভালো আছেন: চিকিৎসক

চোখ ও কানের সমস্যা ছাড়া শেখ হাসিনার শারীরিক অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. এমএইচ মিল্লাত। বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "চোখ আর কানের সমস্যা ছাড়া ওনার (হাসিনা) অবস্থা এখন পর্যন্ত কিছুটা ভালো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 12:36 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোখ ও কানের সমস্যা ছাড়া শেখ হাসিনার শারীরিক অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. এমএইচ মিল্লাত। বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "চোখ আর কানের সমস্যা ছাড়া ওনার (হাসিনা) অবস্থা এখন পর্যন্ত কিছুটা ভালো।" শেখ হাসিনার সাতজন ব্যক্তিগত চিকিৎসকদের মধ্যে ডা.এমএইচ মিল্লাত একজন। তিনি স্কয়ার হাসপাতালের সাতজন চিকিৎসকের প্যানেলেও আছেন। এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রীর দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে। তিনি গ্লুকোমা ও চোখের প্রেসারে ভুগছেন। এছাড়া গ্রেনেড হামলার কারণে শেখ হাসিনা এক কানে শুনতে পারেন না এবং আরেক কানে শ্রবণশক্তি অর্ধেকে নেমে এসেছে। বৃহস্পতিবার কারা উপ-পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী দীর্ঘসময় স্কয়ার হাসপাতালে থাকলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত হাসপাতালে ছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষও শেখ হাসিনার স্বাস্থ্য সম্পর্কে বৃহস্পতিবার সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বেলা সাড়ে ৩টার দিকে অভর্থনা কেন্দ্র থেকে বলা হয়, হাসিনার শারীরিক অবস্থা নিয়ে কোনো প্রেস ব্রিফিং হবে না। স্কয়ার হাসপাতালের চিকিৎসক প্যানেলের প্রধান ডা. সানোয়ার হোসেন বুধবারই জানিয়েছিলেন, বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রীর আলট্রাসনোগ্রাম করা হবে। তবে দুপুর ২টার দিকে মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, আলট্রাসনোগ্রাম করা হয়নি। এদিকে, শেখ হাসিনার চিকিৎসা নিয়ে সরকারের আচরণে উৎকন্ঠা প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শেখ হাসিনার চিকিৎসা নিয়ে সরকারের আচরণে আমরা বিস্মিত। আমরা আশা করবো, তার স্বাস্থ্য পরীক্ষায় অবিলম্বে সরকারি মেডিকেল বোর্ড গঠন করা হবে।" উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউএম/এসএনডি/এমএ/২১৩৮ ঘ.