২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী মান্নানের ছেলে ও চট্টগ্রাম ওয়াসার দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এম এ মান্নানের ছেলে এম এ লতিফ টিপু ও ওয়াসার দুই প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এম এ মান্নানের ছেলে এম এ লতিফ টিপু ও ওয়াসার দুই প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ সহকারী পরিচালক সামছউদ্দিন আহমেদ মঙ্গলবার রাতে এ মামলা করেন। কোতোয়ালি থানার কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় এম এ লতিফ টিপু, ওয়াসার সহকারী প্রকৌশলী কাজী আবু তাহের ও উপ সহকারী প্রকৌশলী একেএম আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে ১৬ লাখ ১১ হাজার ৪৮১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০১ সালে চট্টগ্রাম ওয়াসার দ্বিতীয় অন্তর্বর্তী প্রকল্পের আওতায় এই তিন আসামি প্রায় ২৭৬ মিটার পাইপলাইন স্থাপন না করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে টাকা তুলে নেন। বাদী সামছউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদকের অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার ওই প্রকল্পের আওতায় চার হাজার মিটার পাইপ লাইন স্থাপন করার কথা। কিন্তু টিপুর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আল মেহের এন্ড কোম্পানি এর মধ্যে ২৭৬ মিটার পাইপলাইন স্থাপন করেনি। টিপু সে সময় নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী কাজী আবু তাহের এবং উপ সহকারী প্রকৌশলী একেএম আব্দুল কুদ্দুছের সহায়তায় ভুয়া নকশা ও চূড়ান্ত বিল তৈরি করে ১৬ লাখ ১১ হাজার ৪৮১ টাকা নিয়ে নেন। দুদকের করা ওয়াসার আরেক পাইপ লাইন দুর্নীতি মামলায় চট্টগ্রামের একটি আদালত গত ২ ডিসেম্বর কাজী আবু তাহের ও একেএম আব্দুল কুদ্দুছকে ১৫ বছর কারাদণ্ড এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেন। এ দু'জন এখন কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২০৪০ ঘ.