২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মানুষ নন: জিল্লুর

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বুধবার বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মানুষ নন। সরকার প্যারোলে মুক্তি দিলে বিদেশে চিকিৎসা শেষে সময়মতোই দেশে ফিরবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বুধবার বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মানুষ নন। সরকার প্যারোলে মুক্তি দিলে বিদেশে চিকিৎসা শেষে সময়মতোই দেশে ফিরবেন তিনি। বিকালে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের এ কথা বলেন জিল্লুর। দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জিল্লুর বলেন, "তাকে (আব্দুল জলিল) বিদেশে পাঠানো না হলে বাঁচানো কঠিন হয়ে পড়তো।" তবে শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হলে জলিলের মতো শর্ত আরোপ না করার দাবি জানিয়ে তিনি বলেন, "আমরা বিনা শর্তে তার (হাসিনা) মুক্তি চাই। কোনো শর্ত দিয়ে তাকে ছোট করা ঠিক হবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মতো লোক নন। সরকার তাকে প্যারোলে মুক্তি দিলে সময়মতোই তিনি ফিরে আসবেন।" সরকার চিকিৎসার জন্য শেখ হাসিনাকে মুক্তি দিলে তার সঙ্গে কথিত 'মাইনাস টু' ফর্মুলার কোনো যোগাসূত্র থাকার আশঙ্কা করেন কি না জানতে চাইলে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "আমরা আশা করব, সরকার দেশে দুর্দিন টেনে আনবে না।" অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, "দেশে জরুরি অবস্থা তিন মাস থাকার কথা। কিন্তু তার জায়গায় এক বছর হয়ে গেছে। এই সরকারের দায়িত্ব জাতীয় নির্বাচন করা। স্থানীয় সরকার নির্বাচন করার অধিকার তাদের নেই। সরকারের এসব কর্মকাণ্ডের কারণে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এখনো ভোটার তালিকার কাজই শেষ হয়নি।" অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নিলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। এদিন কুমিল্লার হোমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল মজিদ ৫০ হাজার এবং যুক্তরাষ্ট্রের আটলান্টা আওয়ামী লীগ এক লাখ টাকা দলের কেন্দ্রীয় তহবিলে দেয়। জিল্লুর রহমান দলের পক্ষে এই অর্থ গ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২১৪৫ ঘ.