ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা ও তার স্ত্রী খোদেজা রশিদীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় রায় দেওয়া হবে ১২ মার্চ।
মঙ্গলবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত- ৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর রায় ঘোষণার এ তারিখ দেন।
সুজা দম্পতি এখন পলাতক।
দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. মনিরুজ্জামান খান গত বছরের ১০ জুলাই সুজা, তার স্ত্রী খোদেজা, দুই মেয়ে সানজিদা রশিদী শিম্মী ও তানিজা রশিদী তুর্কীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, মোস্তফা রশিদী সুজা কমিশনে দাখিল করা সম্পত্তির বিবরণীতে ৭৮ লাখ ৮৫ হাজার টাকার তথ্য গোপন করেছেন। এছাড়া তিনি জ্ঞাত আয়বহির্ভুত ৪ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৩০৫ টাকার সম্পত্তি অর্জন করেছেন।
সুজাকে সহযোগিতার অভিযোগে স্ত্রী ও মেয়েদের আসামি করা হয়। তবে অভিযোগপত্রে দুই মেয়ে অব্যহতি পান।
গত ২৪ জানুয়ারি মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ৩০ জানুয়ারি থেকে। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৪৪ জন সাক্ষ্য দেন।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন 'সন্দেহভাজন দুর্নীতিবাজের' তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার তাদের সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় সুজার নামও ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/১৮২১ ঘ.
bdnews24