২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের পথে বিমানবন্দরে জলিল

প্যারোলে মুক্তি পাওয়া আব্দুল জলিল সিঙ্গাপুরে যাওয়ার জন্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে দেড়শও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে বিমানবন্দরের গোলচত্বর থেকে সবগুলো প্রবেশ পথেই। সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে তার সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 04:39 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যারোলে মুক্তি পাওয়া আব্দুল জলিল সিঙ্গাপুরে যাওয়ার জন্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। নিরাপত্তার বিমানবন্দরে দেড়শও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার রাত ১০টা ৪৩ মিনিটে তিনি বিমানবন্দরে প্রবেশ করেন। ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে তার সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। পুলিশের উত্তরা জোনের উপ-কমিশনার খন্দকার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল জলিল সিঙ্গাপুরগামী বিমানে ওঠার আগ পর্যন্ত যে কোনও ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে বিমানবন্দরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। সেখানে দেড়শরও বেশি পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া র‌্যাবসহ আরো কয়েকটি সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছে। তিনি জানান, বিমানবন্দরের গোলচত্বর থেকে সবগুলো প্রবেশ পথেই কয়েকটি স্তরে নিরাপত্তা তল্লাশি চলছে। যাত্রী ও বিমান বন্দরের কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকেই বিমানবন্দর এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। ভিআইপি ও সাধারণ- দুই টার্মিনালেরই নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর আগে গুলশান ২ নম্বরের ৫৫ নম্বর সড়কে আব্দুল জলিলের বাসাটিও (চামেলি কনকর্ড) ঘিরে রাখে পুলিশ। বাসার আশেপাশে চার প্লাটুন পুলিশ মোতয়েন করা হয়। হাসপাতাল থেকে রাত আটটার দিকে তিনি বাসায় যান। বাসাটির পূর্ব পাশে ৫৫ নম্বর রোড ও ৫৬ নম্বর সড়কের সংযোগস্থলে এবং পশ্চিমে ৫৫ ও ৫০ নম্বর সড়কের সংযোগস্থলে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। ওই জায়গাটুকুতে কয়েকগজ পরপর একজন করে পুলিশ সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুমন মাহবুব। রাত পৌনে ৯টার দিকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুবিদ আলী ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তফা জালাল মহিউদ্দীন, মহিলা সম্পাদক ডা. দিপুমনি, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ বেশ কিছু নেতা-কর্মী ৫০ নম্বর সড়কের ব্যারিকেডের সামনে এসে দাঁড়ান। জলিলের বাসায় যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। সাড়ে ৯টার দিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সেখানে পৌঁছান। ব্যারিকেডের বাইরে ১৫ মিনিট দাঁড়িয়ে থেকে তিনি চলে যান। রাত ১০টার কিছুক্ষণ পর ল্যাবএইড হাসপাতালের প্রধান কার্ডিওলোজিস্ট ডা. মতিউর রহমান আব্দুল জলিলের বাসায় ঢোকেন। এ সময় আওয়ামী লীগ নেতা ডা. দিপুমনি ও ডা. আব্দুর রাজ্জাক তার গাড়িতে উঠে পড়েন এবং জলিলের বাসায় প্রবেশ করেন। সরকার রোববার আব্দুল জলিলকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সোমবার প্রায় সারাদিনই আওয়ামী লীগসহ দেশের শীর্ষ রাজনীতিকরা ল্যাবএইড হাসপাতালে তার সঙ্গে দেখা করতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ল্যাবএইড হাসপাতাল থেকে একটি সাদা রঙের গাড়িতে করে গুলশানের বাসার পথে রওনা হন আব্দুল জলিল। এসময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে নিজামউদ্দীন জলিল। হুইল চেয়ারে বসা জলিলকে হাসপাতালের কেবিন থেকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। হাসপাতালের ৬০১ নম্বর কেবিন থেকে বেরিয়ে আসার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল সাংবাদিকদের বলেন, "আমি অত্যন্ত অসুস্থ। সরকার আমাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে, এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। সবাইকে বলব আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থভাবে ফিরে আসতে পারি।" সামনে ও পেছনে র‌্যাব ও পুলিশের দুটি ভ্যানের নিরাপত্তার মধ্যে জলিলকে বহনকারী গাড়িটি গুলশানের বাসায় পৌঁছায়। রাত সাড়ে দশটা পর্যন্ত তিনি বাসায় অবস্থান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/২২৫৪ ঘ.